Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মালদহ ও রায়গঞ্জে ধৃত আটজন

মালদহ ও রায়গঞ্জে ধৃত আটজন
  • ১৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, মালদহ ও সংবাদদাতা, রায়গঞ্জ, পতিরাম: পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্ক পদে নিয়োগের পরীক্ষা চলাকালীন মোবাইল ফোন ব্যবহার করায় ৮ জনকে গ্রেপ্তার করল পুলিস।
Advertisement
এর মধ্যে মালদহের ইংলিশবাজারের ৬ জন এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। নিষেধাজ্ঞা সত্ত্বেও মোবাইল নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢোকার অপরাধে মালদহের জহরাতলা হাইস্কুল এবং বিভূতিভূষণ হাইস্কুল থেকে শনিবার তাঁদের গ্রেপ্তার করা হয়। রবিবার ধৃতদের মালদহ আদালতে পেশ করা হলে তাঁদের জামিন মঞ্জুর করেন বিচারক। 
পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম দেবাশীষ প্রামাণিক, বিশাল মণ্ডল, সমৃদ্ধ দাস, আব্দুল তোহাসিন হোসেন, সেতাবর শেখ ও মহম্মদ আমিরুল। ধৃতরা মানিকচক, হবিবপুর, ইংলিশবাজার ও মোথাবাড়ির বাসিন্দা। 
এদিকে মোবাইল ফোন নিয়ে চাকরির পরীক্ষা কেন্দ্রে ঢোকার অভিযোগে পরপর দু’দিন দুই যুবককে গ্রেপ্তার করল রায়গঞ্জ থানার পুলিস। রবিবার ধৃত যুবকের নাম সঞ্জয় মণ্ডল (২৫), বাড়ি মালদহের কালিয়াচকের সাহাবাজপুর এলাকায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃত সঞ্জয়ের সিট পড়েছিল রায়গঞ্জের মহারাজা জগদীশ নাথ হাইস্কুলে। এদিন পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে পরীক্ষার্থীর কাছে ইলেকট্রনিক ডিভাইস রয়েছে কি না তল্লাশি করা হচ্ছিল। তারপরেও সঞ্জয় মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকে যায়। পরীক্ষা চলাকালীন সেটি বের করলে পরীক্ষক আটক করে তাঁকে পুলিসের হাতে তুলে দেন। কড়া নিরাপত্তার মধ্যেও ওই যুবক কীভাবে মোবাইল নিয়ে ঢুকল, তা নিয়ে প্রশ্ন উঠছে। 
স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তামিন সোরেন বলেন, মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষার্থীদের তল্লাশি করা হয়। ধৃত যুবকের কাছ থেকে মোবাইল পাওয়া গিয়েছে। রায়গঞ্জ থানায় অভিযোগ করা হলে পুলিস গ্রেপ্তার করে। 
অন্যদিকে, মোবাইল ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের অভিযোগে শনিবার এক যুবককে গ্রেপ্তার করে রায়গঞ্জ থানা। পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃত সাদ্দাম হুসেনের (২৭) বাড়ি করণদিঘির কামারতোর এলাকায়। শনিবার সাদ্দামের পরীক্ষার আসন পড়েছিল রায়গঞ্জ করোনেশন হাইস্কুলে। পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন বের করায় তাঁকে পরীক্ষক পুলিসের হাতে তুলে দেন। 
স্কুলের প্রধান শিক্ষক কালীচরণ সাহা বলেন, ওই যুবক ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করলে কথায় একাধিক অসঙ্গতি ধরা পড়লে পুলিসের হাতে তুলে দিই।
বালুরঘাটেও পরীক্ষাকেন্দ্রে দেদার মোবাইল ব্যবহার করার অভিযোগ উঠেছে। গত শনিবার ও রবিবার বালুরঘাটের ১২টি স্কুলে দক্ষিণ দিনাজপুর জেলার পড়ুয়াদের পরীক্ষা হয়। অভিযোগ, বেশিরভাগ স্কুলেই পরীক্ষা চলাকালীন অনেকে মোবাইল ব্যবহার করেছেন। 
দক্ষিণ দিনাজপুর পুলিস সুপার চিন্ময় মিত্তাল বলেন, আমাদের কাছে কোনও অভিযোগ আসেনি।
সম্পর্কিত সংবাদ