নিজস্ব প্রতিনিধি, মালদহ ও সংবাদদাতা, ইসলামপুর: মালদহে বাংলা মোদের গর্ব অনুষ্ঠানের সূচনা হল শুক্রবার। এদিন অনুষ্ঠানের সূচনা করেন মালদহের অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) অনিন্দ্য সরকার, রাজ্যের মন্ত্রী তাজিমুল হোসেন ও ইংলিশবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আগামী তিন দিন ধরে ইংলিশবাজারের বাঁধাপুকুর ফুটবল মাঠে এই অনুষ্ঠান চলবে। এই মেলায় জেলার বিভিন্ন শিল্পীদের হস্তশিল্পের প্রদর্শনীর পাশাপাশি এক্সপো ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আসর থাকছে। এছাড়াও রাজ্যের বিভিন্ন দপ্তরের তরফেও স্টল থাকছে। অন্যদিকে, ইসলামপুর কোর্ট ময়দানেও এদিন থেকে তিন দিনের বাংলা মোদের গর্ব অনুষ্ঠান শুরু হয়েছে। বিকেলে অনুষ্ঠানের সূচনায় মন্ত্রী গোলাম রব্বানি, জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা, মহকুমা শাসক প্রিয়া যাদব, ইসলামপুর পুলিস জেলার এসপি জবি থমাস, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক শুভম চক্রবর্তী, স্থানীয় বিধায়ক আব্দুল করিম চৌধুরী, ইসলামপুর পুরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।



