সংবাদদাতা, মালদহ: হাসপাতালের উন্নততর চিকিৎসার পাশাপাশি সুস্থ ও পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখাই তাঁর প্রধান লক্ষ্য বলে জানিয়ে দিলেন মালদহ মেডিক্যালের রোগীকল্যাণ সমিতিতে রাজ্য সরকার মনোনীত প্রতিনিধি তথা ইংলিশবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী। খুব দ্রুত তিনি মেডিক্যাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করবেন বলেও জানিয়েছেন ‘বর্তমান’কে। পাশাপাশি পুরসভার চেয়ারম্যান হিসেবে হাসপাতালের পরিবেশ আরও বেশি পরিচ্ছন্ন করে তোলাও তাঁর অগ্রাধিকারের তালিকায় রয়েছে বলে জানিয়েছেন কৃষ্ণেন্দুবাবু।
Advertisement
মঙ্গলবার তিনি বলেন, এক সময় মন্ত্রী থাকাকালীন মালদহ মেডিক্যালের রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলাম। তখন থেকেই মেডিক্যালের সঙ্গে আমার যোগাযোগ। পরবর্তী কালে ইংলিশবাজার পুরসভার চেয়ারম্যান হিসেবে আমি মেডিক্যালের কিছু পুর সমস্যা দূর করার উদ্যোগ নিয়েছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আমাকে রোগীকল্যাণ সমিতির প্রতিনিধি মনোনীত করায় আমার কাজের সুযোগ আরও কিছুটা বাড়ল। কৃষ্ণেন্দুবাবু বলেন, মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের সরকারি হাসপাতালগুলি রোগীদের ভরসাস্থলে পরিণত হয়েছে। বেসরকারি স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির সঙ্গে পাল্লা দিয়ে সমস্ত শ্রেণির রোগীরা মালদহ মেডিক্যালে স্বাস্থ্য পরিষেবা পাচ্ছেন। এই বিষয়টির দিকে আমি নজর দেব। চিকিৎসকরা যেন হাসপাতালে নিয়মিত আসেন, চিকিৎসা প্রদানের ক্ষেত্রে যেন কোনও সমস্যা না হয় তা নিশ্চিত করাই আমার কাজ। একই সঙ্গে মেডিক্যালে পরিচ্ছন্ন পরিবেশ উপহার দেওয়াও আমার চ্যালেঞ্জ। মেডিক্যালের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় বলেন, কৃষ্ণেন্দুবাবু বরাবরই আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তাঁর সঙ্গে ইতিমধ্যেই আমার কথা হয়েছে। আমি তাঁকে অভিনন্দন জানিয়েছি। খুব দ্রুত নতুন রোগী কল্যাণ সমিতির বৈঠক হবে। সেই বৈঠকে তাঁর সঙ্গে পরিষেবা, পরিচ্ছন্নতা সহ বিভিন্ন বিষয়ে বিশদ আলোচনা হবে।



