Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মালদহে মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনা করতে বৈঠক প্রশাসনের

মালদহে মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনা করতে বৈঠক প্রশাসনের
  • ৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, মালদহ: নকল রুখতে কঠোর প্রশাসন। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন বারবার শিরোনামে উঠে এসেছে মালদহের নাম। কমবেশি প্রায় প্রতি বছরই ধরা পড়েছে নকলের ছবি। যা নিয়ে প্রশাসনকে বিভিন্ন সময়ে উদ্বেগ প্রকাশ করতে শোনা গিয়েছে। সোমবার থেকে শুরু হচ্ছে ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা। তার আগে শুক্রবার ইংলিশবাজার শহরের সানাউল্লাহ সভাকক্ষে চূড়ান্ত পরীক্ষা প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। 
Advertisement
জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই সভায় মাধ্যমিক পরীক্ষার সঙ্গে যুক্ত প্রায় ৩৫০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। 
এদিনের বৈঠকেও উষ্মা প্রকাশ করে মালদহের অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) অনিন্দ্য সরকার তাঁর বক্তব্যে বলেন, সুষ্ঠুভাবে মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন করতে প্রশাসন আত্মবিশ্বাসী। মালদহের ১২২টি সেন্টারে প্রায় ৫২ হাজার ছেলেমেয়ে তাঁদের জীবনের প্রথম বড় পরীক্ষা দেবে। সেই পরীক্ষা কেমন হবে তা নির্ভর করবে আমাদের এই হলে যারা উপস্থিত আছেন অনেকটা তাঁদের উপরে। মাধ্যমিক পরীক্ষা নিয়ে প্রশাসনের শীর্ষ পর্যায়ের একটি বৈঠকে কয়েকটি জেলার উপর বাড়তি নজর দিতে বলা হয়েছে যাতে সুষ্ঠুভাবে পরীক্ষাটা হয়। সেখানে আমাদের জেলার নামও এসেছে। এক্ষেত্রে যে নির্দেশিকা সরকারের তরফে দেওয়া হয়েছে তা আমরা পূঙ্খানুপুঙ্খ ভাবে মেনে চলব। 
মাধ্যমিক পরীক্ষা চলাকালীন মালদহে নকলের ছবি যেমন ধরা পড়ে ঠিক তেমনি পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই প্রশ্নপত্র ফাঁস হওয়ার একাধিক অভিযোগও পূর্বে উঠেছে। ইতিমধ্যেই মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রুখতে সিরিয়াল নম্বর, বারকোড সহ একাধিক প্রস্তুতি নিয়েছে পর্ষদ। একই ভাবে নকল রুখতেও একাধিক পদক্ষেপ গ্রহণ করছে  মালদহ জেলা প্রশাসন। গত বছরের তুলনায় এবছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ১০ জন বেশি। মালদহে এবছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে ৪৭ হাজার ৯০০ জন। গত বছর ৪৪ হাজার ৮৯০ জন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় বসেছিল। এবছর মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছে ২০ হাজার ৬৭২ জন ছাত্র ও ২৭ হাজার ২২৮ জন ছাত্রী। সিসি পরীক্ষার্থী ছাত্রের সংখ্যা ৭২৪ ও সিসি ছাত্রীর সংখ্যা ২৯৩২ জন। এবছর কম্পার্টমেন্টাল ছাত্র ১৮ জন ও কম্পার্টমেন্টাল ছাত্রী ৪০ জন। এছাড়াও হোম থেকে পরীক্ষা দিচ্ছে একজন। 
Advertisement
সম্পর্কিত সংবাদ