Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মালদহ জেলা বইমেলায় বিক্রিতে পিছিয়ে ক্ষুদ্র প্রকাশকরা  

মালদহ জেলা বইমেলায় বিক্রিতে পিছিয়ে ক্ষুদ্র প্রকাশকরা
 
  • ১৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, মালদহ: জেলা বইমেলায় পাঠকরা কী ক্ষুদ্র প্রকাশকদের প্রতি খানিকটা উদাসীন? বই বিক্রির ক্ষেত্রে পাঠকদের প্রত্যাশিত আনুকূল্য এখনও পর্যন্ত না পাওয়ায় তেমনই আঁচ মিলেছে ভিন্ন ধারার বই এবং তুলনামূলক ক্ষুদ্র প্রকাশকদের গলায়। তাঁদের অনেকেরই মনে হয়েছে মালদহ বইমেলার পাঠক সমাজে চোখে পড়ার মতো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। অবশ্য সব প্রকাশক এই বিষয়ে পুরোপুরি একমত নন। প্রসিদ্ধ প্রকাশকদের স্টলে অবশ্য ভিড় এবং বিক্রি আগের মতোই বলে জানা গিয়েছে।
Advertisement
মালদহ বইমেলায় অনেকগুলি প্রখ্যাত প্রকাশন সংস্থাই নিয়মিত অংশ নেয়। কোনও কোনও নামজাদা প্রকাশন সংস্থা আবার তাঁদের স্থানীয় বিপণন সংস্থার মাধ্যমে বইয়ের সম্ভার তুলে ধরেন পাঠকদের কাছে। একই ভাবে জেলা বইমেলাগুলির মধ্যে প্রথম সারিতে থাকা মালদহ বইমেলা নিয়ে যথেষ্ট প্রত্যাশা থাকে তুলনায় ক্ষুদ্র প্রকাশকদের। বইয়ের প্রতি তাঁদের আনুগত্য এবং ভালোবাসা থেকে তাঁরা এবারও মালদহ বইমেলায় হাজির করেছেন ভিন্ন স্বাদের একাধিক গ্রন্থ। কিন্তু এখনও পর্যন্ত বিক্রি সেভাবে জমেনি বলেই জানিয়েছেন ওই প্রকাশকরা।
মালদহ জেলার অন্যতম প্রকাশন সংস্থা শহরতলি। সংস্থার কর্তা তন্ময় বসাক বলেন, আমরা মালদহ বইমেলায় প্রায় এক ডজন গ্রন্থ প্রকাশ করেছি। এরমধ্যে যেমন রয়েছে প্রবন্ধ, গল্পগুচ্ছ তেমনই রয়েছে বাংলা সাহিত্যের প্রাতঃস্মরণীয় শিবরাম চক্রবর্তী ও তাঁর সমমনস্ক বন্ধুদের হাতে প্রকাশিত ম্যাগাজিনে প্রকাশিত লেখা। এমনই ভিন্নধারার বই আমরা ইতিমধ্যে প্রকাশ করলেও প্রথম কয়েকদিনে মালদহ বইমেলায় বিক্রির নিরিখে পাঠকদের তেমন সাড়া পাইনি।
একই ভাবে ৩৬তম মালদহ বইমেলায় বিক্রি নিয়ে এখনও সন্তুষ্ট নন কলকাতার সোপান প্রকাশনের জয়জিত মুখোপাধ্যায়। তিনি বলেন, আমরা মালদহ  সংক্রান্ত বেশকিছু বই প্রকাশ করেছি। তাতে মালদহ সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য নথিবদ্ধ হয়েছে। তবে প্রথম কয়েকদিনের বিক্রি আমাদের প্রত্যাশা পূরণ করেনি।
উড়ান প্রকাশন সংস্থার আদিত্য মুখোপধ্যায় অবশ্য এখনই হাল ছাড়তে নারাজ। এই বইমেলায় চারটি বই প্রকাশ করেছে উড়ান। আদিত্যবাবু বলেন, পাঠক আসছেন। বই নেড়েচেড়ে দেখছেন। পাঠকের এই আগ্রহ ও কৌতূহল আমাদের উৎসাহ জোগায়। এই উৎসাহই ধীরে ধীরে বিক্রি বৃদ্ধি করবে বলে আমি মনেকরি। তবে প্রখ্যাত প্রকাশন সংস্থাগুলি সূত্রে জানা গিয়েছে, মোটের উপর তাঁদের বইয়ের বিক্রি চলছে। প্রত্যাশা ছাপিয়ে না গেলেও বিক্রির হাল খুব খারাপও নয়।
সম্পর্কিত সংবাদ