Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মিলছে না উন্নতমানের বোরো ধানের বীজ, বিপাকে মাথাভাঙার কৃষকরা

মিলছে না উন্নতমানের বোরো ধানের বীজ, বিপাকে মাথাভাঙার কৃষকরা
  • ১১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মাথাভাঙা: মাথাভাঙা মহকুমায় এবারে বোরো ধানের বীজের সঙ্কট চরমে। মহকুমার চাষিরা জানিয়েছেন, বীজের সঙ্কট থাকায় খুচরো দোকানগুলিতে দ্বিগুণ দামে বীজ বিক্রি হচ্ছে। কৃষকরাও বাধ্য হয়ে বীজ কিনছেন। যদিও কৃষিদপ্তর জানিয়েছে, বোরো চাষে উন্নতমানের বীজ ব্যবহার করা হয়। স্থানীয় ফার্মগুলিতে উন্নতমানের বীজ তৈরি করা হয় না। বাজারে বহুজাতিক সংস্থাগুলি বীজ সরবরাহ করে। 
Advertisement
কৃষিদপ্তর ও স্থানীয় ব্যবসায়ীদের দাবি, কয়েকটি বহুজাতিক কোম্পানির উন্নতমানের ধানের বীজ ব্যবহার করেন মহকুমার চাষিরা। সেই বীজে ফলন ভালো হয়। এবারে ওই কোম্পানিগুলির বীজ তৈরির ফর্ম প্রাকৃতিক বিপর্যয়ে নষ্ট হয়ে গিয়েছে। ফলে বাজারে বীজও সরবরাহ করতে পারছে না তারা। এ কারণেই বাজারে বীজের সঙ্কট তৈরি হয়েছে। 
এ ব্যাপারে মাথাভাঙা মহকুমা সহকারী কৃষি আধিকারিক তুষারকান্তি রায় বলেন, আমাদের ফার্মে উন্নতমানের ধানের বীজ তৈরি করা হয় না। বোরো ধান চাষে উন্নতমানের বীজ ব্যবহার করেন চাষিরা। আমরাও শুনেছি কয়েকটি বহুজাতিক কোম্পানির বীজতলা নষ্ট হওয়ার কারণে বীজ সরবরাহ ঠিকঠাক হচ্ছে না। এখন কী পরিস্থিতি, আমরা খোঁজ নিয়ে দেখব। 
সার কৃষি উপকরণ ব্যবসায়ী সমিতির সম্পাদক তপন সিংহ বলেন, আমাদের এদিকে যে প্রকার উন্নতমানের বোরো ধানের চাষ হয় সেই বীজ কোম্পানিগুলি সরবরাহ করতে পারছে না। ওদের ৭০ শতাংশ বীজ প্রাকৃতিক বিপর্যয়ে নষ্ট হয়ে গিয়েছে। এ কারণেই কিছুটা সমস্যা তৈরি হয়েছে। এনিয়ে সরকারিভাবে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। ম্যানুয়াল বীজে হয়তো ফলন কিছুটা কম হবে। কিন্তু কৃষকরা তো চাষ করতে পারবেন। 
প্রসঙ্গত, মাথাভাঙা মহকুমায় প্রায় আড়াই হাজার হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়। এখানকার কৃষকরা উন্নতমানের ধান চাষ করেন। মূলত ধান বিক্রি করতেই এই চাষ করেন কৃষকরা। ফলন বেশি হওয়ায় লাভও ভালো হয়।
সম্পর্কিত সংবাদ