নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: মালবাজারে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম সায়ন বণিক(২৭)। বৃহস্পতিবার রাতে দুর্ঘটনাটি ঘটে মালবাজারের ক্যালটেক্স এলাকায়। মৃতের বাড়ি ক্রান্তিতে। দুই বন্ধু বাইকে বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটা নাগাদ মালবাজার থেকে ক্রান্তিতে ফিরছিলেন। মুখোমুখি একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় বাইকটির। স্থানীয় সূত্রে খবর, সায়ন বাইক চালাচ্ছিলেন। পিছনে বসেছিলেন তাঁর এক বন্ধু। দুর্ঘটনায় দু’জনেই গুরুতর জখম হন। মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সায়নকে মৃত বলে ঘোষণা করেন। জখম অপরজনকে রেফার করা হয়। বর্তমানে তিনি শিলিগুড়িতে একটি নার্সিংহোমে চিকিৎসাধীন।
Advertisement
মাল থানার আইসি সমীর তামাং বলেন, দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত বাইক ও গাড়ি আটক করা হয়েছে। তদন্ত চলছে। শুক্রবার জলপাইগুড়ি মেডিক্যালের মর্গে মৃতের দেহের ময়নাতদন্ত হয়।



