নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: মাল ও মেটেলি দুই ব্লক মিলিয়ে ‘বাংলার বাড়ি’ পাচ্ছেন সাড়ে ১০ হাজার উপভোক্তা। প্রশাসনের তরফে আবাসের যে খসড়া তালিকা টাঙানো হয়েছে, তাতে চা বাগান অধ্যুষিত এই দু’টি ব্লকে ‘যোগ্য’ হিসেবে নাম রয়েছে ১০ হাজার ৪৪৬ জনের। ডুয়ার্সের এই দুই ব্লক মিলিয়ে আবাসের যাচাইপর্বে নাম বাদ গিয়েছে ২৬১৩ জনের। মেটেলিতে কোনও উপভোক্তার নাম ‘হোল্ড’ না থাকলেও মাল ব্লকে ১৭ জন বেনিফিশিয়ারি ‘যোগ্য’ কি না তা নিয়ে সংশয় প্রকাশ করেছে সমীক্ষক দল। সেজন্য তাঁদের নাম আপাতত হোল্ড রাখা হয়েছে। বিডিও সরেজমিন তদন্ত করে রিপোর্ট দিলে তবেই ওই উপভোক্তাদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
Advertisement
এদিকে, বৃহস্পতিবার থেকেই আবাসের নাম নিয়ে কিছু ক্ষেত্রে অভিযোগ জমা পড়তে শুরু করেছে। নতুন করে যাতে আবাসে নাম তোলা হয়, সেজন্য অনেকে বিডিও অফিসে এসে আবেদনও করছেন। জলপাইগুড়ি সদর ব্লকে আবাসের ঘর পেতে আবেদন জমা দেওয়ার জন্য রীতিমতো লাইন পড়ে যায়। প্রশাসন সূত্রে খবর, মাল ব্লকে বাগরাকোট পঞ্চায়েতে যোগ্য হিসেবে খসড়া তালিকায় নাম উঠেছে ১৯৪৪ জনের। বাদ গিয়েছে ৩৫৭ জনের নাম। ডামডিম পঞ্চায়েতে ঘরের তালিকায় নাম রয়েছে ৫৯৭ জনের। বাদ গিয়েছে ৮৭ জনের নাম। কুমলাই পঞ্চায়েতে নাম উঠেছে ৩০৫ জনের। বাদ গিয়েছে ১৩ জনের নাম। ওদলাবাড়ি পঞ্চায়েতে নাম উঠেছে ৬৩২ জনের। বাদ গিয়েছে ৩৩৩ জনের নাম। রাঙামাটি পঞ্চায়েতে নাম উঠেছে ২১৫৭ জনের। বাদ গিয়েছে ৯০৪ জনের নাম। তেশিমলা পঞ্চায়েতে ঘরের তালিকায় ৮৩২ জনের নাম উঠেছে। বাদ গিয়েছে ৪২২ জনের নাম। অন্যদিকে, মেটেলি ব্লকের বিধানগর পঞ্চায়েতে নাম উঠেছে ৭৭৬ জনের। ইনডং-মেটেলি পঞ্চায়েতে ৬১২ জনের, মাটিয়ালিহাট পঞ্চায়েতে ৮৯৮ জনের, মাটিয়ালি বাতাবাড়ি-১ পঞ্চায়েতে ৮৩৯ জনের এবং মাটিয়ালি বাতাবাড়ি-২ পঞ্চায়েতে ৮৫৪ জনের নাম উঠেছে আবাসের তালিকায়।



