শান্তি ফেরানোর দাবিতে ‘নয়েজ প্রোটেস্ট’, ফের উত্তপ্ত মণিপুর
  • ২৪ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ইম্ফল: তিন বছর ধরে গোষ্ঠী সংঘর্ষে জ্বলছে মণিপুর। দিনে দিনে বেড়েই চলেছে আহত ও নিহতের সংখ্যা। ঘরছাড়া অগুনতি সাধারণ মানুষ। শান্তি ফেরাতে ব্যর্থ প্রশাসন। এই আবহে অবিলম্বে হিংসা ও হত্যাকাণ্ড বন্ধের দাবিতে ‘ওয়ার ক্রাই’ ও ‘নয়েজ প্রোটেস্ট’ শুরু করেছেন স্থানীয়রা। মণিপুরের ইম্ফল উপত্যকার পাঁচটি জেলায় চলছে বিক্ষোভ। শুক্রবার সন্ধ্যায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে নিরাপত্তা বাহিনী। 

Advertisement

গভীর রাত পর্যন্ত সংশ্লিষ্ট এলাকাগুলিতে উত্তেজনা রয়েছে বলে খবর। 
এদিকে,  রাজ্যে শান্তি ফেরাতে রাজ্যপাল অজয় কুমার ভাল্লার কাছে চিঠি লিখে ‘অপারেশন মণিপুর’ শুরুর আরজি জানালেন বিধায়ক রাজকুমার ইমো সিং। সগোলবন্ধের বিধায়কের আবেদন, এই নিরাপত্তা পদক্ষেপের আওতায় আনা হোক সবক’টি সশস্ত্র গোষ্ঠীকে। তাঁদের বেআইনি অস্ত্র উদ্ধার করে নেটওয়ার্ক গুঁড়িয়ে দেওয়া হোক। সরকারের কাছে সাসপেনশন অব অপারেশন চুক্তি (এসওও) বাতিলের আবেদনও জানিয়েছেন তিনি।
চিঠিতে বিধায়ক লিখেছেন, ‘জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল নাগরিকই আইনের আওতায় সুরক্ষা ও মর্যাদাপূর্ণ জীবন পাওয়ার অধিকারী। এই পদক্ষেপের মাধ্যমে বেআইনি অস্ত্র, সশস্ত্র নেটওয়ার্ক ভেঙে দেওয়া, সংবেদনশীল এলাকায় নিরাপত্তা বৃদ্ধি ও টার্গেটেড কিলিং সহ বিভিন্ন অপরাধে অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ নিশ্চিত করতে হবে।’ পাশাপাশি মণিপুরের অশান্তিতে উদ্বাস্তুদের ঘরে ফেরানোর বিষয়েও উদ্যোগ নেওয়ার কথা বলেছেন বিধায়ক। তিনি আরও লিখেছেন, ‘সশস্ত্র অবস্থায় বেআইনি কাজকর্মের বিরুদ্ধে কঠোর ও নিরপেক্ষ পদক্ষেপ নিতে হবে। কোনো জাতি, ধর্ম বা বর্ণকে অতিরিক্ত সুবিধা দেওয়া যাবে না।’
ওয়াকিবহাল মহলের মতে, মণিপুরের এই হিংসার সঙ্গে সাধারণ মানুষের কোনো সম্পর্কই নেই। বরং জাতির নামে যে সব সশস্ত্র গোষ্ঠীগুলি হামলা চালাচ্ছে, তাদের নিয়ে ক্ষোভ বাড়ছে। এই পরিস্থিতি থেকে মুক্তি চান সাধারণ মানুষ।