সংবাদদাতা, কৃষ্ণনগর: কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভার প্রতিটি পরিবারের কাছে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে সক্রিয় উদ্যোগ নিলেন বিধায়ক সাধন ঘোষ। বুধবার পিএইচই দপ্তরের আধিকারিকদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি জল জীবন মিশন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেন। পাশাপাশি প্রকল্পের বাকি কাজ দ্রুত সম্পূর্ণ করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। জানা গিয়েছে, বৈঠকে জল জীবন মিশন প্রকল্পে বকেয়া কাজ নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা, পাইপলাইন সম্প্রসারণ, নতুন সংযোগ প্রদান এবং যে সব এলাকায় এখনও পানীয় জলের পরিষেবা পৌঁছায় নি, সেখানে যাতে দ্রুত পরিষাবে চালু হয় সে বিষয়েও আলোচনা হয়েছে এবং কাজের গতি আরও বাড়ানোর বিষয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন বিধায়ক সাধন ঘোষ। কৃষ্ণনগর দক্ষিণের বিধায়ক সাধন ঘোষ জানান, বিধানসভার প্রতিটি পরিবারের কাছে নিরাপদ ও বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়াই লক্ষ্য। কোনো মানুষ যেন জলের অভাবে না থাকেন সেই লক্ষ্য নিয়েই প্রশাসনের সাথে সমন্বয় রেখে কাজ করছি। পিএইচই দপ্তরের আধিকারিকরা দ্রুত বকেয়া কাজ শেষ করে প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন। স্থানীয় বাসিন্দাদের মতে, দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা সমাধানে এই উদ্যোগ বাস্তবায়িত হলে বহু মানুষ উপকৃত হবেন। বহু এলাকায় চার-পাঁচ বছর আগেই পাইপ লাইনের কাজ হয়ে গেলেও কেউ জল পায়নি। এখন বিধায়ক উদ্যোগ নিয়েছেন জেনে ভালো লাগছে। এবার যদি জলের সমস্যার সমাধান হয়, সত্যি অনেক মানুষ উপকৃত হবে।



