Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

ভূতনিতে বন্যা প্রতিরোধের কাজ শুরু করলেন বিধায়ক

ভূতনিতে বন্যা প্রতিরোধের কাজ শুরু করলেন বিধায়ক
  • ৭ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, মানিকচক: ভূতনিতে বন্যা প্রতিরোধের কাজের সূচনা করলেন বিজেপি বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল সহ প্রশাসনিক আধিকারিকরা। শনিবার কেশরপুর ও পশ্চিম রতনপুরের বাঁধের মধ্যবর্তী উন্মুক্ত জায়গায় এই কাজ শুরু হয়েছে। প্রথম ধাপে প্রায় ৫৯ লক্ষ টাকার কাজ হবে। গুণমান নিয়ে কোনো আপস মেনে নেওয়া হবে না বলে ঠিকাদার ও স্থানীয়দের সতর্ক করেছেন বিধায়ক। ভূতনিবাসীকে কাজ বুঝে নেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি। উপস্থিত ছিলেন বিডিও সুমন কুমার মণ্ডল, অতিরিক্ত জেলাশাসক অনিন্দ্য সরকার সহ অন্যরা।

Advertisement

ভূতনির কেশরপুর থেকে পশ্চিম রতনপুর পর্যন্ত বাঁধের মধ্যবর্তী প্রায় ১০০ মিটার অংশ ভেঙে গত বছর গঙ্গা ও কোশি নদীর জলে বন্যার সম্মুখীন হয়েছিল প্রায় দেড় লক্ষ মানুষ। নতুন সরকার গঠন হওয়ার পর থেকেই বিজেপি বিধায়ক ভূতনিতে বন্যা রুখতে তৎপর। এক মাসের মধ্যেই বারবার দরবার করেছেন মুখ্যমন্ত্রীর কাছে। বৈঠক করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সঙ্গেও। 
বিধায়ক এদিন বাসিন্দাদের বলেছেন, কাজে কোনো গাফিলতি দেখলেই তত্ক্ষণাত্ যেন তাঁকে জানানো হয়। দাদাগিরি বা কাটমানি চাইলেও কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে এদিন তিনি জানিয়েছেন। এমনকি ভূতনি থানার পুলিশকে নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়, যাতে কেউ কাজে ব্যাঘাত ঘটাতে না পারে। গৌর বলেন, ৫৯ লক্ষ টাকায় কোর ওয়ালের মাধ্যমে গঙ্গা ও কোশির জলকে আটকানো হবে। এছাড়া অন্যান্য পরিকল্পনাও রয়েছে। পরে, কয়েক হাজার কোটি টাকার স্থায়ী ভাঙন রোধের কাজ হবে ভূতনিতে।
কেন্দ্র-রাজ্য দীর্ঘ দড়ি টানাটানির পর কাজ শুরু হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা আবু তাহির আলী বলেন, সরকার গঠন হওয়ার এত কম সময়ের মধ্যে কাজ শুরু হওয়ায় আমরা ভীষণ খুশি। যেভাবে এখন কাজ করার কথা বলা হয়েছে, তা স্বস্তিদায়ক। বিধায়ক যাতে শীঘ্রই স্থায়ী ভাঙন রোধের কাজ শুরুর ব্যবস্থা করেন, সেই আবেদন জানাচ্ছি।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ