Bartaman Logo
১৯ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

শিউলি, মোহনপুরে চালু হল বিধায়ক সেবা কেন্দ্র

নোয়াপাড়া বিধানসভার অন্তর্গত শিউলি ও মোহনপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিধায়ক সেবা কেন্দ্র চালু হল।

শিউলি, মোহনপুরে চালু হল বিধায়ক সেবা কেন্দ্র
  • ২৪ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: নোয়াপাড়া বিধানসভার অন্তর্গত শিউলি ও মোহনপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিধায়ক সেবা কেন্দ্র চালু হল। সেখান থেকে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকল্পের সুবিধা পাবেন এলাকাবাসী। এই সেবা কেন্দ্রের উদ্বোধন করে পরিবহণ মন্ত্রী অর্জুন সিং বলেন, নোয়াপাড়া বিধানসভা এলাকায় দুটো পুরসভা, দুটি পঞ্চায়েত এবং বারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ড এলাকা রয়েছে। তাই চার জায়গায় চারটি সেবা কেন্দ্র তৈরি হচ্ছে। ইতিমধ্যে মণিরামপুরে হয়ে গিয়েছে। গারুলিয়ায় হবে। শিউলি এবং মোহনপুর গ্রাম পঞ্চায়েতে তৈরি হল। মানুষকে আর দূরে যেতে হবে না।

Advertisement

পাশাপাশি অর্জুন সিং বারাকপুর বিধানসভা কেন্দ্রের মধ্যে পরিবহণ ও শ্রমদপ্তরের দুটি অফিস তৈরি করেছেন। একটি নোনা চন্দনপুকুর বাজারের কাছে, আর দ্বিতীয়টি টিটাগড়ের টাটা গেটে। এখানে গিয়ে মানুষ তাদের নানা সমস্যার কথা জানাতে পারবেন। অর্জুন সিংহের প্রতিনিধি ওই দুটি দপ্তরে থাকবেন। বারাকপুর বিধানসভার মধ্যে কেন এই ধরনের দুটি দপ্তর করা হল, তার কারণ ব্যাখ্যা করতে গিয়ে অর্জুন সিং জানিয়েছেন, তাঁর নিজের বাড়ি মজদুর ভবনে প্রতিদিন সকালে বহু মানুষ ভিড় করেন। বারাকপুর থেকেও বিভিন্ন প্রয়োজনে বহু মানুষ যান। তাই তাদের জন্য এই দুটি দপ্তর চালু হল। ফলে এখানকার মানুষকে আর কলকাতায় পরিবহণ ভবনে যেতে হবে না বা জগদ্দলে মজদুর ভবনেও যেতে হবে না। এদিকে এদিন বারাকপুর পুরসভার ১৪ নম্বর এবং ২০ নম্বর ওয়ার্ডে তৃণমূলের দুটো পার্টি অফিস বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়। পার্টি অফিস দু’টি সরকারি জায়গায় তৈরি করা হয়েছিল। তাই সেগুলি ভেঙে দেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ