নিজস্ব প্রতিনিধি, বারাসত: ধীরে ধীরে সংকটের মেঘ কাটতে শুরু করেছে বিষক্রিয়ায় গুরুতর অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্রের। সোমবার সকালে তাঁকে ভেন্টিলেটর থেকে বের করেছেন চিকিৎসকরা। ফিরেছে জ্ঞানও। অল্পস্বল্প কথাও বলছেন তিনি। সামান্য জল খাওয়ানো সম্ভব হয়েছে। তবে এই উন্নতিতেই নিশ্চিন্ত হতে রাজি নন চিকিৎসকরা। শরীরে বিষক্রিয়ার প্রভাব এখনও পুরোপুরি কাটেনি। তাই আপাতত কড়া পর্যবেক্ষণেই রাখা হচ্ছে তাঁকে। জানা গিয়েছে, শনিবার রাতে হিঙ্গলগঞ্জের বাড়িতে আচমকা অসুস্থ হয়ে পড়েন রেখা। তাঁর শরীরে বিষের হদিশ মেলে। এদিন প্রথমে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে বসিরহাট সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে কলকাতার মুকুন্দপুরের বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে। সূত্রের খবর, বসিরহাট হাসপাতালে চিকিৎসার সময় তাঁকে বিভিন্ন ওষুধ দেওয়া হয়। নাক দিয়ে নল ঢুকিয়ে পাকস্থলী থেকে বিষাক্ত পদার্থ বের করার চেষ্টাও হয়। কিন্তু তাতেও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। দীর্ঘক্ষণ অচেতন থাকায় মুখে জমে থাকা লালারস ফুসফুসে ঢুকে যায়। তৈরি হয় শ্বাসপ্রশ্বাসের জটিলতা। সিটি স্ক্যানেও ফুসফুসের সমস্যার ইঙ্গিত মেলে বলেই জানা গিয়েছে। শেষ পর্যন্ত ভেন্টিলেশনে রাখতে হয় তাঁকে। সোমবার অবশ্য চিকিৎসায় আশার আলো মিলেছে। চিকিৎসকদের সঙ্গে কথা বলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় এবং বিজেপি নেত্রী অর্চনা দাস মজুমদার। আর বিধায়কের চিকিৎসায় রয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল। ভেন্টিলেটর থেকে মুক্তি মিলেছে, জ্ঞানও ফিরেছে। কিন্তু কীভাবে বিষ তাঁর শরীরে গেল, তা স্পষ্ট নয়। বসিরহাটের বিজেপি নেতা রাজেন্দ্র সাহা বলেন, বিধায়ক আগের থেকে ভালো রয়েছেন। চিকিৎসকদের কড়া নজরদারিতে রয়েছেন তিনি। অন্যদিকে সিপিএম নেতা নিরাপদ সর্দার বলেন, উনি দ্রুত সুস্থ হয়ে উঠুন এটাই প্রার্থনা করি। সেই সঙ্গে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত প্রয়োজন।



