সংবাদদাতা, আলিপুরদুয়ার: ডুয়ার্সের মাটি ও জলবায়ু ভেষজ ওষুধি লতাগুল্ম চাষের অনুকূল। ডুয়ার্সের বন্ধ ও রুগ্ন চা বাগানগুলিতে অনায়াসেই এই ভেষজ ওষুধ তৈরির কারখানা গড়ে তোলা যায়। সেই কথা মাথায় রেখে বন্ধ ও রুগ্ন চা বাগানগুলিতে এই ভেষজ ওষুধি কারখানা গড়ে তোলার জন্য রাজ্যের আয়ুষ মন্ত্রী সুমনা রায়ের কাছে প্রস্তাব পাঠালেন আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক পরিতোষ দাস। বিধায়কের এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে বঙ্গীয় আয়ুর্বেদীয় মহাসংঘ। তবে বিধায়কের প্রস্তাবকে স্বাগত জানালেও আলিপুরদুয়ারের তপসিখাতা আয়ুষ হাসপাতালের জমিতে আয়ুর্বেদ মেডিকেল কলেজ তৈরির দাবিতে সোচ্চার হয়েছে ওই সংগঠন। ওই সংগঠনের তরফে এই দাবিতে বিধায়ককে স্মারকলিপিও দেওয়া হয়েছে।
বিধায়ক পরিতোষবাবু বলেন, চা বাগান, নদী, বনাঞ্চল ও পাহাড় ঘেরা ডুয়ার্সের জলবায়ু ও মাটি ভেষজ ওষুধি চাষের পক্ষে অনুকূল। ডুয়ার্সে কত ভেষজ লতাগুল্ম আছে সেটা বিশেষজ্ঞরাই বলতে পারবেন। কিন্তু আমার মনে হয়েছে ডুয়ার্সের বন্ধ রুগ্ন চা বাগানগুলিতে বেসরকারি লগ্নিকারক সংস্থাগুলিকে দিয়ে অনায়াসেই ভেষজ ওষুধের কারখানা গড়ে তোলা যায়। সেই প্রস্তাব রাজ্যের আয়ুষ মন্ত্রী সুমনা রায়কে দিয়েছি। এই ওষুধের কারখানা গড়ে উঠলে সেখানে স্থানীয় মানুষের কর্মসংস্থানও তৈরি হবে। এদিকে, আলিপুরদুয়ারের তপসিখাতায় রয়েছে উত্তরবঙ্গের একমাত্র আয়ুষ হাসপাতাল। সেখানে ভেষজ উদ্যানও রয়েছে।
বঙ্গীয় আয়ুর্বেদীয় মহাসংঘের রাজ্য সম্পাদক তপন বন্দোপাধ্যায় বলেন, আলিপুরদুয়ারের বিধায়কের এই প্রস্তাবকে আমরা স্বাগত জানাচ্ছি। তবে শুধু কারখানা গড়লেই হবে না। উত্তরবঙ্গে ভেষজ ওষুধের বিপণনের বাজারও তৈরি করতে হবে। পাশাপাশি তপসিখাতা আয়ুষ হাসপাতালের জমিতে আয়ুর্বেদ মেডিকেল কলেজও তৈরি করতে হবে। কারণ এই আয়ুর্বেদ মেডিকেল কলেজ তৈরি না হলে এসব কিছুই হবে না। উত্তরবঙ্গে আয়ুর্বেদ কলেজ নেই। এখানকার ছেয়েমেয়েদের বাধ্য হয়ে আয়ুর্বেদ পড়তে দক্ষিণবঙ্গে যেতে হয়। সেজন্য তপসিখাতা আয়ুষ হাসপাতালের জমিতে আয়ুর্বেদ মেডিকেল কলেজ তৈরির জন্য আলিপুরদুয়ারের বিধায়ককে সংগঠনের তরফে প্রস্তাব দেওয়া হয়েছে।
• যুবতীর এখনও হদিশ মেলেনি: কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের জামালদহ এলাকায় নিখোঁজ যুবতীর এখনও কোনো হদিশ মেলেনি। গত রবিবার থেকে নিখোঁজ আঠারো বছর বয়সি ওই তরুণীর সন্ধানে তল্লাশি অব্যাহত রেখেছে পুলিশ। ঘটনায় হরিরবাড়ি এলাকার এক বিবাহিত যুবকের বিরুদ্ধে অপহরণ ও আটকে রাখার অভিযোগ ওঠায় শুক্রবার থেকে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পুলিশের তরফে জানানো হয়েছে, যুবতীকে উদ্ধারে সবরকম প্রচেষ্টা চালানো হচ্ছে। যুবতীর প্রকৃত অবস্থান জানতে বিভিন্ন সূত্র ধরে তদন্ত এগচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।