Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

হলদিয়ায় ছাঁটাই শ্রমিকদের পুনর্বহালের দাবিতে বিধায়কের নেতৃত্বে অফিস ঘেরাও

ওই শ্রমিকরা বন্দরে পণ্য ওঠানামার কাজে যুক্ত একটি স্টিভেডরিং এজেন্সিতে কাজ করতেন।

হলদিয়ায় ছাঁটাই শ্রমিকদের পুনর্বহালের দাবিতে বিধায়কের নেতৃত্বে অফিস ঘেরাও
  • ১৯ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, হলদিয়া: বুধবার ছাঁটাই শ্রমিকদের কাজে পুনর্বহালের দাবিতে তাদের সঙ্গে নিয়ে বন্দরের বেসরকারি সংস্থার অফিস ঘেরাও করলেন বিধায়ক তাপসী মণ্ডল। ওই শ্রমিকরা বন্দরে পণ্য ওঠানামার কাজে যুক্ত একটি স্টিভেডরিং এজেন্সিতে কাজ করতেন। গত বৃহস্পতিবার ওই সংস্থা ৫০ জন শ্রমিককে বিনা নোটিসে ছাঁটাই করে বলে অভিযোগ। এরপরই ছাঁটাই শ্রমিকরা তাঁদের পুনরায় কাজে নিয়োগের আবেদন জানিয়ে বিধায়কের দ্বারস্থ হন। তাঁদের অসহায়তার কথা জানিয়ে বিধায়ককে মানবিক দৃষ্টিভঙ্গী নিয়ে এ বিষয়ে উদ্যোগ নেওয়া আর্জি জানান শ্রমিকরা। এদিন দুপুরে বিধায়কের নেতৃত্বে ওই শ্রমিকরা বেসরকারি সংস্থার অফিসে যান। কর্তৃপক্ষকে শ্রমিকদের কাজে ফেরানোর দাবি জানান। কিন্তু ওই সংস্থা রাজি হয়নি। বিধায়ক তাপসী মণ্ডল বলেন, ছাঁটাই শ্রমিকদের কাজে ফেরানোর আবেদন জানিয়েছি। আগামী ২৪ জুন সংস্থার মালিক আলোচনায় বসবেন বলে জানিয়েছেন। তবে কোনওভাবেই ছাঁটাই মেনে নেওয়া হবে না। বন্দরের ওই  স্টিভেডরিং এজেন্সি যে ৫০ জন হেল্পারকে ছাঁটাই করেছেন তাঁরা সকলে ডাম্পার ও বিভিন্ন মেশিনের হেল্পার। এরা দক্ষ শ্রমিকের মজুরি পেতেন। কাজ হারানো এক শ্রমিকের অভিযোগ, ওই সংস্থা চুক্তিভিত্তিক শ্রমিক বাদ দিয়ে সাপ্লাই লেবার বা ডেইলি লেবারকে দিয়ে কাজ করাতে চাইছে। ওই শ্রমিকরা ইউনিয়নভুক্ত হওয়ায় বেতনচুক্তির মাধ্যমে তাদের মজুরি ফিক্সড রয়েছে। সাপ্লাই লেবার হলে মজুরির নির্দিষ্ট রেট থাকবে না। সবমিলিয়ে সংস্থার দেড় শতাধিক সিওডিভুক্ত শ্রমিক ছাঁটাই হতে পারে। ওই ঘটনায় উত্তাল বন্দরের শ্রমিক মহল। গত বৃহস্পতিবার কাজে যাওয়ার সময় থেকে শ্রমিকদের গেট পাশ লক করে দেওয়া হয়েছে। বন্দরের বেসরকারি সংস্থায় এই ছাঁটাই নিয়ে সিটু এবং বিএমএস তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির ঘাড়ে দোষ চাপিয়েছে। সিটু নেতা পরিতোষ পট্টনায়ক এবং বিএমএস নেতা প্রদীপ বিজলি বলেন, বিধানসভা ভোটের আগে শ্রমিকদের মন পেতে নতুন সেটিংয়ের ছক তৈরি হয়েছে বেসরকারি সংস্থা এবং আইএনটিটিইউসির মধ্যে। হলদিয়ায় শ্রমিকদের বেতন চুক্তি সহ নানা কারণে ক্ষোভ বাড়ছে। সেই ক্ষোভ সামাল দিতে এই ছক তৈরি হয়েছে। প্রথমে ছাঁটাই করে ভয় দেখানো হবে, তারপর আইএনটিটিইউসি সুকৌশলে চাপ দিয়ে কাজে শ্রমিকের কাজ ফিরিয়ে দিয়ে মন জয় করবে। এদিকে ছাঁটাইয়ের ঘটনার পর হলদিয়ার শ্রমিক মহলে নবগঠিত আইএনটিটিইউসির জেলা কোর কমিটির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। কোর কমিটির সদস্য শ্যামল মাইতি বলেন, বিরোধীরা শ্রমিকের পাশে না দাঁড়িয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে। এই বিষয়টি বিধায়ক দেখছেন এবং আইএনটিটিইউসি ওই শ্রমিকদের পাশে রয়েছে।-নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ