সংবাদদাতা, লালবাগ: শনিবার নবগ্রাম থানার ইটোর ঘাটকুল্লাপাড়ায় জীবন্তি নদীর উপর সেতুর নির্মাণকাজের শিলান্যাস করলেন বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল। নারায়ণপুর ও কিরীটেশ্বরী পঞ্চায়েতের সংযোগ স্থাপনকারী সেতু তৈরি হতে চলায় খুশি স্থানীয়রা। বিধায়ক বলেন, দু’টি পঞ্চায়েতের মানুষ অনেকদিন ধরেই জীবন্তি নদীর উপর সেতু তৈরির দাবি জানিয়ে আসছিল। স্বল্প দৈর্ঘ্যের এই সেতু তৈরিতে প্রায় ৩৪লক্ষ টাকা খরচ হবে। এদিনের অনুষ্ঠানে বিধায়ক ছাড়াও নবগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি রূপলাল মণ্ডল, সহ-সভাপতি মহম্মদ এনায়েততুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন। কিরীটেশ্বরী ও নারায়ণপুর পঞ্চায়েতের বাসিন্দারা বহুদিন ধরে ঘাটকুল্লায় সেতু তৈরির দাবি জানিয়ে আসছিলেন। কারণ ওই এলাকায় যে সাঁকো রয়েছে, বর্ষাকালে তার উপর দিয়ে জল বইতে থাকে। ফলে এলাকার মানুষ চরম ভোগান্তিতে পড়ে। খুব প্রয়োজন হলে তাঁদের বেশ কয়েক কিলোমিটার ঘুরপথে গন্তব্যে পৌঁছতে হয়। স্থানীয় বাসিন্দা পার্বতী কিস্কু বলেন, সেতু হচ্ছে শুনে খুব খুশি হয়েছি। এখন বর্ষাকালেও সহজেই জাতীয় সড়কে উঠে ঠিক সময়ে যে কোনও জায়গায় পৌঁছতে পারব। এজন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই।



