রাজদীপ গোস্বামী, মেদিনীপুর: এলাকাবাসী, জনপ্রতিনিধি ও প্রশাসনের মধ্যে সম্পর্ক নিবিড় করতে দৌত্যের ভূমিকা নিলেন স্বয়ং কার্তিক! শনিবার রাতে শালবনীর বিধায়ক বিমান মাহাত ও বিডিও স্বর্ণাভ হালদার দেখেন দুয়ারে দাঁড়িয়ে শিব-পার্বতীর পুত্র। এলাকার কিছু যুবক দু’জনের বাড়িতে দেবসেনা রেখে পটকা ফাটিয়ে জানান দিয়ে চম্পট দেন। ভুরিভোজের তালিকাও ঝুলিয়ে গিয়েছেন কার্তিক ঠাকুরের হাতে—ভাত, খাসির মাংস ও রাজভোগ। যুবকদের এহেন কীর্তিতে কিছুটা তাজ্জব হলেও দৃশ্যতই খুশি দু’জনেই। জনপ্রতিনিধি ও ব্লক প্রশাসনের শীর্ষকর্তার ‘দুয়ারে কার্তিক’ ফেলার বিষয়টিকে নিছক পুজো-আচারের মধ্যে সীমাবদ্ধ করে রাখতে চান না দু’পক্ষই। বরং কার্তিক পুজোকে সামনে রেখে এলাকাবাসীর সঙ্গে বিধায়ক ও বিডিওর নিবিড় জনসংযোগকে বড় করে দেখছেন সকলেই। তাই বিধায়কের সন্তান থাকা সত্ত্বেও আগামীকাল ধুমধাম করে কার্তিক পুজো করবেন। গত বছরই সাতপাকে বাঁধা পড়েছেন বিডিও। তিনিও হাসিমুখে এলকার যুবকদের আবদার মেটানোর প্রস্তুতি নিচ্ছেন। দু’জনের বাড়িতে কার্তিকপুজো হলে জনসংযোগের একটা বাতাবরণ তৈরি হবে বলে মনে করা হচ্ছে।
শনিবার সন্ধ্যায় স্থানীয় যুবক সৌমেন ঘোষ কয়েকজন বন্ধুকে নিয়ে দু’টি কার্তিক ঠাকুর কেনেন। অন্ধকার নামতেই একটি ঠাকুর নিয়ে হাজির হন শালবনী থানার ডাঙ্গাপাড়া এলাকায় বিধায়ক বিমান মাহাতর বাড়িতে। পরে আর একটি ঠাকুর নিয়ে পৌঁছে যান বিডিও অফিস সংলগ্ন বিডিও স্বর্ণাভ হালদারের বাসভবনে। দু’জনের বাড়ির দরজার সামনে সসম্মানে বসিয়ে দিয়ে আসেন কার্তিক ঠাকুরকে। সেই সময় বিধায়ক এবং বিডিও দু’জনেই বাড়িতে উপস্থিত ছিলেন। ফলে, কার্তিক ফেলার খবর তাঁদের কাছে পৌঁছতে খুব বেশি সময় লাগেনি। বাঙালির লোকাচারে কার্তিক ফেলার রীতি অবশ্য নতুন নয়। কার্তিক মাসের সংক্রান্তিতে দেবসেনাপতি কার্তিকের আরাধনার পাশাপাশি নবদম্পতি কিংবা নিঃসন্তান দম্পতির বাড়ির দরজায় গোপনে কার্তিক ঠাকুর রেখে আসার চল বাঙালি সংস্কৃতির অঙ্গ। আর সেই পুজোয় চলে খাওয়া-দাওয়া। কোথাও মাছ-মাংস, কোথাও মিষ্টিমুখের আবদার করে পাড়ার যুবকরা। কিন্তু শালবনীর যুবকরা সেই চেনা রীতিকেই এবার একটু অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন। মেলাতে চেয়েছেন জনগণ-জনপ্রতিনিধি-প্রশাসনকে। বিডিও স্বর্ণাভ হালদারের বিয়ে হয়েছে ২০২৫ সালে। রবিবার তিনি মুচকি হেসে বলছিলেন, ‘রাতে আমার দুয়ারে দেখি স্বয়ং কার্তিক ঠাকুর দাঁড়িয়ে। আমাকে অবশ্য আগেই ফোন করে জানানো হয়েছিল। স্থানীয় যুবকরা আনন্দ করে বিষয়টি করেছেন। ওঁরা খাওয়া-দাওয়া সহ কিছু দাবি জানিয়েছেন। কার্তিক পুজো হবে। ওঁদের দাবিও পূরণ করব।’ বিধায়ক বিমান মাহাতর বিয়ে হয়েছে ২০২২ সালে। তাঁর কার্তিক দেখে তিনিও বেশ খুশি। বিধায়ক বলেন, ‘আমার একটি কন্যাসন্তান রয়েছে। বিয়ের পর টানা কয়েক বছর কার্তিক পুজো করেছিলাম। এখানে পুত্র বা কন্যাসন্তানের কোনও বিষয় নেই। আমার কাছে প্রতিটি সন্তান সমান। ওঁরা ভালো খাবার খাওয়াতে বলেছেন। অবশ্যই খাওয়াব।’
বিডিও ও বিধায়কের দুয়ারে কার্তিক বসানোর বিষয়টি একটু অন্যমাত্রা দিয়েছে। ফলে, এলাকাবাসীর মধ্যেও জোর চর্চা চলছে। এদিন শালবনীর চায়ের দোকানে বসে স্বপন দাস বলছিলেন, ‘বাড়িতে কার্তিক ঠাকুর ফেলার রীতি বহুদিনের। আমরাও একসময় বিভিন্ন এলাকায় বন্ধুদের বাড়িতে কার্তিক ঠাকুর ফেলেছি। খাওয়া-দাওয়া করেছি। এ এক দারুণ অভিজ্ঞতা। তবে, বিধায়ক কিংবা বিডিও কেউই হয়তো ভাবতে পারেননি. তাঁদের বাড়িতেও এমনটা হবে!’ আর দুয়ারে কার্তিক বসানোর মাস্টারমাইন্ড সৌমেনের কথায়, ‘নিছক পুজো বা সন্তান কামনায় বিধায়ক ও বিডিও’র বাড়ি কার্তিক বসায়নি। আমরা চাই, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্তাদের সঙ্গে সর্বদা সুসম্পর্ক বজায় থাকুক। এলাকাবাসীর সঙ্গে তাঁদের জনসংযোগ আরও নিবিড় হোক।’



