সংবাদদাতা, উলুবেড়িয়া: পূর্বতন সরকারের আমলে গাদিয়াড়া পর্যটন কেন্দ্রকে সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছিল। এনিয়ে একাধিক পরিকল্পনাও নেওয়া হয়েছিল। যদিও তার হাতে গোনা কয়েকটি বাদে বাকি পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। ফলে পর্যটকদের মনে গাদিয়াড়া সেভাবে জায়গা করে নিতে পারেনি। রাজ্যে পালাবদলের পর এবার গাদিয়াড়া পর্যটন কেন্দ্রকে নতুনভাবে সাজিয়ে তোলার উদ্যোগ নিলেন শ্যামপুরের বিধায়ক হিরণ্ময় চট্টোপাধ্যায়। তিনি এনিয়ে পর্যটনমন্ত্রীকে চিঠিও দিয়েছেন। বিধায়ক হিরণ্ময় বলেন, গাদিয়াড়া রাজ্যের অন্যতম একটি পর্যটন কেন্দ্র। কেন্দ্রটিকে সাজানোর জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তাব পাশ হয়ে গেলে নতুন সাজে সেজে উঠবে গাদিয়াড়া। রাজ্যের পর্যটন মানচিত্রে হাওড়া জেলার শ্যামপুর ১ ব্লকের গাদিয়াড়া অন্যতম একটি নাম। রূপনারায়ণ, ভাগীরথী ও হুগলি নদীর সংযোগস্থলে গড়ে ওঠা এই পর্যটন কেন্দ্রের প্রাকৃতিক শোভা অপূর্ব। পাশাপাশি সূর্যোদয় ও সূর্যাস্ত দর্শন করতে সপ্তাহান্তে পর্যটকরা ছুটে আসেন এই কেন্দ্রে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনার নুরপুর এবং পূর্ব মেদিনীপুরের গেঁওখালি হয়েও প্রচুর পর্যটক এখানে আসেন। তবে বর্তমানে এখানে পর্যটকদের আসা অনেকটাই কমেছে। স্থানীয় ব্যবসায়ী থেকে হোটেল মালিকদের অভিযোগ, পূর্বতন সরকারের আমলে সেভাবে গাদিয়াড়া পর্যটন কেন্দ্রকে সাজানো হয়নি। ফলে আগের থেকে পর্যটকদের আসা অনেকটাই কমেছে। এখানে নদীর পাড়ে ঘুরে বেড়ানো ছাড়া সেভাবে কিছু দেখার নেই। শিশুদের মনোরঞ্জনের কোনো ব্যবস্থা নেই। ফলে পর্যটকরা গাদিয়াড়া থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। তবে ব্যবসায়ীদের দাবি, এবার বিধায়ক হিরণ্ময় চট্টোপাধ্যায় যদি গাদিয়াড়াকে নতুনভাবে সাজানোর উদ্যোগ নেন, তাহলে আবার পর্যটকদের আনাগোনা বাড়বে এখানে।



