নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: মেলা দেখতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনায় জখম হলেন দশজন। বুধবার দুপুরে খড়গ্রামের নগর এলাকায় চলন্ত ইঞ্জিন ভ্যানে একটি চারচাকা গাড়ি ধাক্কা মারলে দুর্ঘটনা হয়। ঘটনায় জখমদের মধ্যে এক যুবতী ও এক শিশুর আঘাত গুরুতর। তাদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জখম ওই যুবতীর নাম বৈশাখী দাস। তাঁর মাথায় ও বুকে গুরুতর আঘাত লেগেছে। চিকিৎসক জানিয়েছেন, যুবতীর অবস্থা আশঙ্কাজনক।
Advertisement
খড়গ্রাম থানার এক পুলিস আধিকারিক জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে জখমদের উদ্ধার করেছি। এক মহিলার আঘাত একটু গুরুতর। তাঁকে প্রথমে ব্লক হাসপাতালে পাঠানো হয়। তারপর তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, খড়গ্রামের সাউন্ডি থেকে একটি ইঞ্জিন ভ্যানে করে নগরে মেলা দেখতে যাচ্ছিলেন ওই গ্রামের প্রায় ১২ জন বাসিন্দা। যাওয়ার পথে নগরের একটি বেসরকারি হাসপাতালের সামনে ইঞ্জিন ভ্যানের পিছন দিকে সজোরে ধাক্কা মারে একটি চারচাকা গাড়ি। গাড়িটি বেপরোয়াভাবে নগরের দিকে যাচ্ছিল। যাওয়ার সময় ইঞ্জিন ভ্যানে ধাক্কা মারতেই ভ্যান থেকে ঘটনাস্থলেই ছিটকে পড়েন সকলে। জখমদের উদ্ধার করে খড়গ্রাম ব্লক প্রাথমিক হাসপাতালে পাঠানো হয়। দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের তড়িঘড়ি মুর্শিদাবাদ মেডিক্যালে স্থানান্তরিত করা হয়।



