সংবাদদাতা, শিলিগুড়ি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে শিলিগুড়ি পুরসভার পানীয় জল প্রকল্পের ইনটেক ওয়েলের উদ্বোধন করানোর চেষ্টা চলছে। এই ইনটেক ওয়েলের কাজ শেষ হয়ে গিয়েছে। শনিবার শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেব বলেন, ইনটেক ওয়েলের কাজ শেষ। আমরা চাই মুখ্যমন্ত্রী ইনটেক ওয়েলের উদ্বোধন করুন। জেলাশাসকের মাধ্যমে প্রস্তাব পাঠানো হয়েছে। আমিও কথা বলব। মুখ্যমন্ত্রীর সম্মতি পেলে ১৩ নভেম্বর দার্জিলিং থেকে মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি ফুলবাড়ির এই জল প্রকল্পের ইনটেক ওয়েলের উদ্বোধন করবেন। পানীয় জল প্রকল্পের সংস্কার সহ বিভিন্ন কাজের ক্ষেত্রে বারবার শিলিগুড়িতে পানীয় জল সরবরাহ বিঘ্ন ঘটে ইনটেক ওয়েল না থাকায়। মেয়র বলেন, এই ইনটেক ওয়েল হয়ে গেলে প্রকল্পের সংস্কার বা মেরামতির কাজের সময় আগে থেকে জল ইনটেক ওয়েলে ধরে রাখা যাবে। এরপর আমরা একটি বড় পুকুর বা জলাধার তৈরির উদ্যোগ নেব। তাতে শিলিগুড়ি শহরে পানীয় জলের সমস্যা অনেকটাই সমাধান হবে বলে আমরা আশা করছি।



