নিজস্ব প্রতিনিধি, আসানসোল: বড় বিমান চলাচলের যোগ্য অণ্ডাল বিমানবন্দর, লোকসভার প্রশ্নোত্তর পর্বে জানালেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রী কিনজারাপু রামমোহন নাইডু। বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের সাংসদের প্রশ্নের জবাবে তিনি এই উত্তর দিয়েছেন। পাশাপাশি এই বিমান বন্দরে নতুন বিমান পরিষেবা চালু নিয়ে কোনও প্রস্তাব এলে তাঁর মন্ত্রক সদর্থক ভূমিকা নেবে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। মুখ্যমন্ত্রী দমদম বিমানবন্দরের বিকল্প হিসেবে অণ্ডাল বিমানবন্দরকে তুলে ধরতে একাধিক উদ্যোগ নিয়েছেন। রাজ্যের সর্বাধিক অংশীদারি থাকা এই বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর করতে তিনি একাধিক পদক্ষেপ নিয়েছেন। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রীর কথায় অনেকেই আশার আলো দেখছেন।
Advertisement
চলতি লোকসভা অধিবেশনেই বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কীর্তি আজাদ মন্ত্রীর কাছে প্রশ্ন করেন, কাজি নজরুল বিমানবন্দর সম্প্রসারণ ও আন্তজার্তিক বিমানবন্দর গড়ার কোনও প্রস্তাব কেন্দ্র নিয়েছেন কি না। তারপরই এই বিমানবন্দরকে আন্তজার্তিক বিমানবন্দর করার দাবি তোলেন স্থানীয় তৃণমূল সাংসদ। তার উত্তরেই বিমানবন্দর নিয়ে কেন্দ্রের ভাবনা তুলে ধরেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রী। তিনি বলেন, অণ্ডাল বিমান বন্দরের ৬৫০ একর জমি রয়েছে। এখন কোড-সি অর্থাৎ ছোট এয়ারক্রাফ্ট যাতায়াত করে। ২৮০০ মিটারের রানওয়েতে বড় বিমান চলাচল করতে পারবে। সেখানে অনেক ক্যাপাসিটি রয়েছে। ফেডারেশন অব সাউথ বেঙ্গল চেম্বার অব কর্মার্সের সভাপতি রাজেন্দ্র প্রসাদ খৈতান বলেন, বিমান পরিষেবা যত উন্নত হবে এলাকার বাণিজ্যিক গুরুত্ব ততটাই বাড়বে। কীর্তি আজাদ বলেন, অধিবেশনে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী কিনজারাপু রামমোহন নাইডুকে প্রশ্ন করেছিলাম কাজী নজরুল ইসলাম বিমানবন্দর সম্পর্কে কেন্দ্রের কী অবস্থান? উত্তরে তিনি জানান, সেখানে বড় বিমান পরিষেবা চালুর ক্ষেত্রে কোনও সমস্যা নেই। অণ্ডাল বিমানবন্দরের অধিকর্তা কৈশাল মণ্ডল বলেন, কোড-সি সিরিজের সবচেয়ে বড় ২৩২ সিটের বিমান আমাদের বিমান বন্দরে ওঠানামা করছে। আমাদের যে রানওয়ে রয়েছে তাতে আরও বড় বিমান ওঠানামা করতে পারে। কেন্দ্রীয় মন্ত্রীর এই মন্তব্য অত্যন্ত আশাব্যাঞ্জক। জেলাশাসক পোন্নমবলম এস বলেন, রাজ্য সরকারে বিমানবন্দরের উন্নয়নে সব সময়ে সচেষ্ট রয়েছে। ওই এলাকায় নিকাশি নালা সংস্কারের জন্য সেচদপ্তর একটি বড় উদ্যোগ নিয়েছে। বিমানবন্দরে মানোন্নয়নে যা যা প্রয়োজন আমরা সবই করছি। দুর্গাপুরের অদূরে অণ্ডালে রয়েছে কাজি নজরুল ইসলাম বিমানবন্দর। সেখান থেকে দিল্লি, মুম্বই, চেন্নাই, হায়দরাবাদ, বেঙ্গালুরুর পাশাপাশি ভূবনেশ্বর, গুয়াহাটি, বাগডোগরায় বিমান পরিষেবা রয়েছে। দেশের মধ্যে তুলনামূলক ছোট আকারের বিমানগুলি যাতায়াত করছে। বাম আমলে এই বিমানবন্দর চালু হলেও তাঁদের সময়ে পরিষেবা বন্ধ হয়ে গিয়েছিল। পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসে এই বিমানবন্দরের উন্নয়ন ঘটান।



