Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মেখলিগঞ্জে চুরির কিনারা পাঁচ ঘণ্টায় গ্রেপ্তার কালিয়াচকের চার দুষ্কৃতী

মেখলিগঞ্জে চুরির কিনারা পাঁচ ঘণ্টায় গ্রেপ্তার কালিয়াচকের চার দুষ্কৃতী
  • ১১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মেখলিগঞ্জ: পাঁচ ঘণ্টার মধ্যেই চুরির কিনারা করল মেখলিগঞ্জ থানার পুলিস। মেখলিগঞ্জে চুরির ঘটনায় ময়নাগুড়ি থেকে চার দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রত্যেকেই মালদহ জেলার কালিয়াচকের বাসিন্দা। তাদের হেফাজত থেকে চুরির সামগ্রী উদ্ধার হয়েছে। চুরির ঘটনায় ব্যবহৃত একটি পিকআপ ভ্যান বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিস জানিয়েছে, ধৃতদের নাম আরিফ শেখ (২২), সেলিম শেখ (৩৩), আকমল শেখ (২৪) এবং তাহির শেখ (১৯)। পুলিস জানতে পেরেছে, এই চুরি চক্রের মূল পান্ডা আরিফ শেখ। 
Advertisement
সোমবার মেখলিগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডে অনামিকা কাহালীর বাড়িতে চুরির ঘটনা ঘটে। তদন্তে নেমে পুলিস জানতে পারে, দুষ্কৃতীরা ভাঙারিওয়ালা সেজে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে। সেই ছদ্মবেশে চুরি করাই এদের আসল উদ্দেশ্য।
সোমবার বিকেলে ওই বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে গুরুত্বপূর্ণ নথিপত্র, মন্দিরের জিনিস, বাসনপত্র, গ্যাস সিলিন্ডার সহ নানা জিনিস নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীর দল। পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয়। মেখলিগঞ্জ থানার পুলিস তদন্তে নেমে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। সেখান থেকেই চুরির সূত্র পেয়ে যায় পুলিস। মেখলিগঞ্জ থানার ওসি মণিভূষণ সরকারের নেতৃত্বে দুষ্কৃতীদের তাড়া করে পুলিস। তাতে চুরির পাঁচ ঘণ্টার মধ্যে সাফল্য মেলে। ময়নাগুড়ি থেকে দুষ্কৃতীদের আটক করতে সমর্থ্য হয় মেখলিগঞ্জ থানার পুলিস। সেখান থেকে তাদের মেখলিগঞ্জ থানায় নিয়ে আসা হয়। মেখলিগঞ্জের এসডিপিও আশিস পি সুব্বা বলেন, ঘটনার পাঁচ ঘণ্টার মধ্যে গাড়ি সহ চুরির সামগ্রী এবং চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার তাদের মেখলিগঞ্জ মহকুমা আদালতে পাঠানো হয়। প্রত্যেকেরই চারদিনের পুলিস হেফাজত হয়েছে।
এদিকে, পুলিস জানিয়েছে উত্তরবঙ্গজুড়ে দুষ্কৃতীরা এরকম জাল বিছিয়ে রেখেছে। ভাঙারিওয়ালার ছদ্মবেশ নিয়ে বিভিন্ন এলাকায় দুষ্কৃতীরা ঘুরছে। তারপর সুযোগ বুঝে দিনের আলোয় বাড়ির জিনিসপত্র চুরি করে চম্পট দিচ্ছে। মেখলিগঞ্জ থানার ওসি বলেন, ঘটনার পিছনে বড় কোনও চক্র রয়েছে। পুরো বিষয়টির তদন্ত হচ্ছে। 
পুলিসের বক্তব্য, ভাঙারি জিনিস কেনার নাম করে কিংবা বোতল কুড়োনোর অছিলায় গ্রামগঞ্জে দুষ্কৃতীরা পৌঁছে যাচ্ছে। তারপর সুযোগ বুঝে চুরির উদ্দেশ্যে ফাঁকা বাড়িতে হানা দিচ্ছে। এই বিষয়ে সাধারণ মানুষকে আরও বেশি মাত্রায় সতর্ক হতে হবে।
সম্পর্কিত সংবাদ