সংবাদদাতা, চাঁচল: চারবছর আগে সংস্কার হওয়া পিচের রাস্তায় এখন পাথরের ছড়াছড়ি। খানাখন্দে ভরা। মালদহের চাঁচল ১ ব্লকের মকদমপুর বাজার থেকে হাজাতপুর পর্যন্ত আড়াই কিমি রাস্তা বেহাল দীর্ঘদিন। সংস্কার না হওয়ায় ক্ষোভ ছড়িয়েছে এলাকায়। বাসিন্দাদের অভিযোগ, চারবছর আগে রাস্তা মেরামত হলেও বেশিদিন টেকসই হয়নি। একবছরের মধ্যেই কঙ্কালসার চেহারা নেয় পুরো রাস্তার। কিন্তু এতদিনেও সংস্কারের কোনও উদ্যোগ নেই বলে অভিযোগ। বর্তমানে রাস্তা থেকে পিচের চাদর উঠে পাথর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এতে সমস্যায় পড়েছে গাড়ি চালকরা।
Advertisement
এলাকাবাসী ওবাইদুর রহমানের কথায়, রাস্তায় ছোটবড় গর্ত। টোটোযাত্রীদের যেতে সমস্যা হয়। মকদমপুর ও মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ২০ টি গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে। ব্যস্ততম রাস্তাটি দ্রুত মেরামতের দাবি জানাচ্ছি। স্থানীয় সাদির ইসলাম বলেন, দ্রুত সংস্কার না হলে আন্দোলনে নামব আমরা। মালদহ জেলাপরিষদের সহকারী সভাধিপতি আবু তৈয়ব মোহাম্মদ রফিকুল হোসেন বলেন, মানুষের সমস্যা মেটানো হবে। দ্রুত যাতে রাস্তাটি সংস্কার হয়, চেষ্টা করব।



