Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মেয়েকে উত্যক্ত, প্রতিবাদী শিক্ষক বাবার ঘাড়ে কোপ

মেয়েকে উত্যক্ত, প্রতিবাদী শিক্ষক বাবার ঘাড়ে কোপ
  • ২১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, জঙ্গিপুর:বেসরকারি স্কুলের এক শিক্ষককে বৃহস্পতিবার রাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠল। ঘটনায়  ব্যাপক চাঞ্চল্য ছড়ায় সামশেরগঞ্জে। গুরুতর জখম ওই শিক্ষকের নাম শফিউল আলাম। বাড়ি সামশেরগঞ্জ থানার রতনপুরে। তিনি স্থানীয় একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করেন। শিক্ষকের পরিবারের দাবি, মেয়েকে উত্যক্ত করত স্থানীয় এক যুবক। তার প্রতিবাদ করাতেই খুনের চেষ্টা করা হয়। অভিযুক্ত ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃতের নাম আহাদ শেখ। বাড়িও একই এলাকায়। বর্তমানে জখম শিক্ষক কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। 
Advertisement
সামশেরগঞ্জ থানার পুলিস জানিয়েছে, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
জানা গিয়েছে,বৃহস্পতিবার সন্ধ্যায় শফিউল সাহেব বাড়ি থেকে  বেরিয়েছিলেন। কিছুটা পথ যাওয়ার পরই আহাদ ধারালো অস্ত্র নিয়ে তাঁর উপর চড়াও হয়। ঘাড়ে পরপর তিনটি কোপ বসিয়ে পালিয়ে যায়। লুটিয়ে পড়েন তিনি। রক্তে ভেসে যায় রাস্তা। শিক্ষকেরই এক আত্মীয়া তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তিনিই চিৎকার করে সকলকে খবর দেন। এলাকাবাসী আহাদকে উদ্ধার করে স্থানীয় অনুপনগর হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় মুর্শিদাবাদ মেডিক্যালে। পরে কলকাতা মেডিক্যালে পাঠানো হয়। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে। শিক্ষকের বউমা মোসাম্মত আয়াতুন নেশা বলেন, চিৎকার চেঁচামেচি শুনে বাইরে বেরিয়ে দেখি রাস্তায় একজন লোক পড়ে রয়েছে। তখনও বুঝতে পারিনি আমারই কাকাশ্বশুর তিনি। রক্তে শরীর ভেসে যাচ্ছে।’ জখম শিক্ষকের স্ত্রী ওয়াহিদা বিবি বলেন, ‘আমার মেয়েকে প্রায়শই বিরক্ত করত অভিযুক্ত যুবক। তাকে একাধিকবার সতর্ক ও সাবধান করা হয়েছে। সেই রোষেই আমার স্বামীর উপর আক্রমণ চালিয়েছে। ওর উপযুক্ত শাস্তি চাই। পুলিস তদন্ত করে সেই ব্যবস্থা করুক।’ রাতেই তল্লাশি চালিয়ে অভিযুক্ত আহাদকে গ্রেপ্তার করেছে পুলিস। অস্ত্রের খোঁজে গভীর রাত পর্যন্ত ঘটনাস্থলের পাশেই কচুরিপানা ভর্তি পুকুরে খোঁজ চালান তদন্তকারীরা। কিন্তু সেটি পাওয়া যায়নি। 
সম্পর্কিত সংবাদ