সংবাদদাতা, পতিরাম: নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা করেছিলেন বাবা। বছর খানেক আগের সেই মামলা এখনও চলছে। সেই মামলা তুলে নেওয়ার জন্য চাপ বাবাকে। পরে হুমকি। হুমকিতে কাজে না হওয়ায় রাস্তায় ধরে মারধর করল অভিযুক্তরা। ঘটনায় হাসপাতালে ভর্তি আক্রান্ত বাবা। এনিয়ে শোরগোল পড়েছে বালুরঘাটের হিলি মোড়ে। এনিয়ে ফের ওই নাবালিকার মা বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিস সূত্রে খবর, বালুরঘাট শহর লাগোয়া একটি গ্রামে দুই পরিবারের মধ্যে ঝামেলা হয়। সেই ঝামেলার জেরেই নাবালিকাকে দু’ভাই মিলে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। এনিয়ে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। ওই মামলা কোর্টে চলছে। অভিযোগ, সেই মামলা তুলে নেওয়ার জন্যেই চাপ দেওয়া হয়। তা না তোলায় মারধর করা হয়। এবিষয়ে ওই নাবালিকার মা বলেন, অভিযুক্তরা মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিতে থাকে। তা না করায় স্বামীকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয়েছে। স্বামীর এক বন্ধু তাঁকে রক্ষা করতে গেলে তাঁকেও মারধর করে অভিযুক্তরা। বালুরঘাট সদর ডিএসপি (হেড কোয়ার্টার) বিক্রম প্রসাদ বলেন, এনিয়ে নির্দিষ্ট ধারায় মামলা হয়েছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।



