Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মজুরি বৃদ্ধির দাবি, আন্দোলনে সাফাইকর্মীরা

মজুরি বৃদ্ধির দাবি, আন্দোলনে সাফাইকর্মীরা
  • ২৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনে নামলেন আসানসোল পুরসভার সাফাইকর্মীরা। বৃহস্পতিবার দুপুর ১২টার পর থেকে তাঁরা পুরসভার অফিসের সামনে বিপুল জমায়েত করেন। এর আগেও একাধিকবার তাঁরা বেতন বৃদ্ধির দাবিতে সরব হয়েছেন। এদিন পুরসভার মেয়র সহ অন্য আধিকারিকরা দফায় দফায় আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করেন। সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত পুরসভা অফিস অবরুদ্ধ করে রাখেন সাফাইকর্মীরা। ১৫ ডিসেম্বরের মধ্যে তাঁদের বেতন বৃদ্ধির বিষয়টি পর্যালোচনার আশ্বাস দিলে অবশেষে বিক্ষোভ ওঠে। এদিকে, বারবার বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনের জেরে সাফাইয়ের কাজ লাটে উঠেছে। শহরে সাফাইয়ের কাজ নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। পুরসভার বিভিন্ন ভ্যাট আবর্জনায় ভরে থাকে। তারপর এই আন্দোলনের জেরে পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছে। পাড়ায় পাড়ায় আবর্জনার দুর্গন্ধে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছেন। আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় বলেন, সাফাইকর্মীদের দাবি, সরকার নির্ধারিত মজুরি দিতে হবে। আমরা তাঁদের দেখিয়ে দিয়েছি, সরকার-নির্ধারিত মজুরি ৩৪২ টাকা। আর আমরা তাঁদের ৩৪৭ টাকা দিচ্ছি। তাঁদের পিএফ, আই কার্ড, পোশাকের দাবিও মেনে নেওয়া হয়েছে। শহরের সাফাই নিয়ে নানা অভিযোগ পাচ্ছি। কোন কোন ওয়ার্ডে ঠিকমতো সাফাই হচ্ছে না-তা খতিয়ে দেখা হবে। বেশ কয়েকদিন ধরেই বেতন বৃদ্ধির দাবিতে সাফাইকর্মীরা সরব হয়েছেন। প্রথমে তাঁদের দাবি ছিল, মাসে ১৮ হাজার টাকা বেতন দিতে হবে। এখন তাঁদের দাবি, প্রতি মাসে ন্যূনতম ১৫ হাজার টাকা বেতনের পাশাপাশি অন্য সুযোগ-সুবিধা দিতে হবে। বৃহস্পতিবার আলোচনার দিন ধার্য করা হয়। সাফাইকর্মীদের প্রতিনিধিদেরও ডাকা হয়েছিল। কিন্তু প্রচুর সাফাইকর্মী এসে পুরসভা অফিস প্রায় অবরুদ্ধ করে দেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ