Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মাজদিয়া-পানশিলায় প্রাথমিক স্কুলের জমিতে শিশুউদ্যান তৈরির পরিকল্পনা

মাজদিয়া-পানশিলায় প্রাথমিক স্কুলের জমিতে শিশুউদ্যান তৈরির পরিকল্পনা
  • ১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, নবদ্বীপ: মাজদিয়া-পানশিলা পঞ্চায়েতের নতুন ঘোলাপাড়ায় শিশুদের জন্য একটি উদ্যান তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। ওই এলাকায় প্রাথমিক বিদ্যালয়ের প্রায় তিন বিঘা জমিতে ওই উদ্যান তৈরির জন্য পঞ্চায়েতের তরফে জেলাস্তরে প্রস্তাব পাঠানো হয়েছে। পঞ্চায়েত কর্তৃপক্ষ জানিয়েছে, বিদ্যালয় কর্তৃপক্ষের আপত্তি নেই। পরিকল্পনামাফিক টাকা বরাদ্দ হলেই কাজ শুরু হয়ে যাবে।
Advertisement
নতুন ঘোলাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের জমিতে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে। সেখানে একটি উপ-স্বাস্থ্যকেন্দ্র তৈরি হলেও সেটি এখনও চালু হয়নি। বিদ্যালয়ের চারদিকে কোনও সীমানাপ্রাচীর নেই। এই বিদ্যালয়ের পেছনে কিছু স্থানীয় মানুষ প্রায়ই গোবর স্তূপ করে রাখেন। এমনকী, কেউ কেউ স্কুল ও স্বাস্থ্যকেন্দ্রের সামনে ঘুঁটে দিয়ে রাখছেন। ফলে স্কুলের খুদে পড়ুয়ারা সেখানে খেলাধুলো করতে পারছে না।
ওই স্কুলের পড়ুয়া টুপুর, অনুশ্রী, অনন্যা, অংশু, প্রীতম, ঋষিরা জানাল, তারা স্কুলের মাঠে এসেই একটু খেলাধুলো করে। কিন্তু এই মাঠের চারদিকে গোবর ছড়িয়ে রেখেছে। এখানে পার্ক হলে খুব ভালো হবে। দোলনা, স্লিপে চড়া যাবে।
এলাকার বাসিন্দা শতদল ঘোষ বলেন, স্কুলের প্রচুর জমি পড়ে রয়েছে। গ্রামবাসীরা অনেকদিন ধরেই চাইছেন, এই জায়গা প্রাচীর দিয়ে ঘিরে ছোটদের জন্য একটা বিনোদন পার্ক হোক।
ওই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপকুমার গোস্বামী বলেন, বিদ্যালয় চত্বরে প্রায় তিন বিঘার মতো জমি রয়েছে। এত বড় জায়গা থাকা সত্ত্বেও পড়ুয়ারা খেলাধুলো করতে পারে না। স্কুলের সামনে গোবর রেখে দেওয়া হয়। এখানে উদ্যান হলে পড়ুয়ারা খেলতে পারবে। এলাকার বয়স্ক মানুষও এসে বসতে পারবেন। বিদ্যালয়ের তরফে আপত্তি নেই। তবে অনুমতির জন্য প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান বা অবর বিদ্যালয় পরিদর্শকের দ্বারস্থ হতে হবে।
মাজদিয়া-পানশিলা পঞ্চায়েতের শিল্প পরিকাঠামো সঞ্চালক মিঠুন ঘোষ বলেন, নারীসুরক্ষা ও শিশুদের জন্য কেন্দ্র ও রাজ্য সরকার পঞ্চায়েতকে ২৫ শতাংশ আনটায়েড ফান্ডের টাকা উন্নয়নের কাজ করার অনুমতি দিচ্ছে। পঞ্চায়েত চিলড্রেন পার্ক তৈরির মাধ্যমে সেই টাকা খরচ করতে চাইছে। আমরা জেলাস্তরে বিষয়টি জানিয়েছি। অনুমোদন ও টাকা বরাদ্দ  হলে কাজ শুরু করে দেব। এখানে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের নিয়ে মায়েরা আসেন। এখানেই তাঁদের বসার ব্যবস্থা করে দেওয়ার পরিকল্পনা পঞ্চায়েতের রয়েছে।
 
সম্পর্কিত সংবাদ