Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মাজদিয়া স্টেশন সংলগ্ন মিষ্টির দোকানে ভয়াবহ আগুন, জখম ২

মাজদিয়া স্টেশন সংলগ্ন মিষ্টির দোকানে ভয়াবহ আগুন, জখম ২
  • ৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, কৃষ্ণনগর: কৃষ্ণগঞ্জের মাজদিয়া রেল স্টেশন সংলগ্ন একটি মিষ্টির দোকানে অগ্নিকাণ্ডে দগ্ধ হলেন দুজন। গুরুতর জখম অবস্থায় তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। আসে পুলিসও। মঙ্গলবার ভোররাতে তালদহ মাজদিয়া পঞ্চায়েত এলাকার এই ঘটনায় আতঙ্ক ছড়ায়। আহতদের নাম অরুণ সিং ও চঞ্চল  হালদার। অরুণবাবু বাজার কমিটির সম্পাদক আর চঞ্চলবাবুর মাছের আড়ত রয়েছে। তাঁরা শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। মাজদিয়া রেল স্টেশন সংলগ্ন এলাকা যথেষ্ট ঘিঞ্জি। এই এলাকায় এত বড় মিষ্টি দোকানের কারখানা কতটা যুক্তি সঙ্গত এ নিয়ে প্রশ্ন উঠেছে। জানা গিয়েছে, কৃষ্ণগঞ্জের মাজদিয়া রেল স্টেশন সংলগ্ন এই মিষ্টির দোকানের বয়স ৮০ বছরের বেশি। বিখ্যাত সাহিত্যিক বিমল মিত্রের লেখাতেও এই মিষ্টির দোকানের উল্লেখ  রয়েছে। মঙ্গলবার ভোররাতে ভারত বাংলাদেশ সীমান্তের কৃষ্ণগঞ্জ থানার মাজদিয়ায় রেল স্টেশন সংলগ্ন এই মিষ্টির দোকান আচমকা দাউ দাউ করে জ্বলতে শুরু করে। এই মিষ্টির দোকানের দোতলায় রয়েছে মিষ্টি তৈরির কারখানা। আর একতলায় আছে মিষ্টির দোকানের সঙ্গে সামগ্রী রাখার জিনিসপত্র ও ভাজাভুজির ঘর। আগুন লাগার খবর পেয়ে মিষ্টির দোকানের আশপাশের বাসিন্দারা ছুটে আসেন। দোকানের পাশে থাকা মাছের আড়তের মালিক চঞ্চল হালদারও আসেন। পাশেই রয়েছে অরুণ সিংয়ের বাড়ি। তিনিও ছুটে আসেন। এই সময় বিস্ফোরণ হলে আগুন ছড়িয়ে যায়। তাতে এই দুজনের শরীরের বিভিন্ন অংশের আগুন লেগে যায়। আগুনে লেলিহান শিখা ক্রমশ দীর্ঘ হয়। বিকট শব্দে পর পর গ্যাসের সিলিন্ডার ফাটতে থাকে। বিস্ফোরণ হয় ফ্রিজের।
Advertisement
সম্পর্কিত সংবাদ