নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: মেজিয়ায় বাইক চুরি চক্রের কিনারা করেছে পুলিস। সম্প্রতি ওই চক্রের সঙ্গে জড়িত দুই দুষ্কৃতীকে পুলিস গ্রেপ্তার করে। ধৃতদের হেফাজত থেকে তিনটি চোরাই বাইক উদ্ধার করা হয়েছে। সোমবার বাঁকুড়ার অতিরিক্ত পুলিস সুপার (সদর) সিদ্ধার্থ দোর্জি বলেন, চারদিন আগে একটি স্টিল প্ল্যান্টের সামনে থেকে এক কর্মীর বাইক চুরি যায়। তিনি মেজিয়া থানায় লিখিত অভিযোগ জমা দেন। তার ভিত্তিতে তদন্তে নেমে পুলিস শালতোড়া থানা এলাকার বাসিন্দা সুরজ দত্ত ও শ্রীকান্ত চৌধুরী নামে ২৪ ও ২২ বছর বয়সি দুই যুবককে গ্রেপ্তার করে। ধৃতদের কাছ থেকে ওই কর্মীর বাইকের পাশাপাশি আরও দুটি চোরাই বাইক উদ্ধার করা হয়।



