Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দাঁতনে রোড-শোর মাঝপথে ‘রথ’ ছাড়লেন মিঠুন, হতাশ বাসিন্দারা

সোমবার কেশিয়াড়ি বিধানসভার বিজেপি প্রার্থী ভদ্র হেমব্রমের সমর্থনে দাঁতনের ঘোলাই মোড় থেকে আদালত পর্যন্ত তাঁর রোড-শো করার কথা ছিল। কিন্তু গন্তব্যের অনেক আগে সরাই বাজারের কাছে হঠাৎ রথ থেকে নেমে যান অভিনেতা।

দাঁতনে রোড-শোর মাঝপথে ‘রথ’ ছাড়লেন মিঠুন, হতাশ বাসিন্দারা
  • ১৪ এপ্রিল, ২০২৬ ১৪:০৪
Prefer us on Google

সংবাদদাতা, বেলদা: পশ্চিম মেদিনীপুরে নির্বাচনী প্রচারে এসে পরপর দু’দিন মাঝপথেই কর্মসূচি ছাড়লেন মিঠুন চক্রবর্তী। সোমবার কেশিয়াড়ি বিধানসভার বিজেপি প্রার্থী ভদ্র হেমব্রমের সমর্থনে দাঁতনের ঘোলাই মোড় থেকে আদালত পর্যন্ত তাঁর রোড-শো করার কথা ছিল। কিন্তু গন্তব্যের অনেক আগে সরাই বাজারের কাছে হঠাৎ রথ থেকে নেমে যান অভিনেতা। তাতে অনেকে হতাশ হন। মিঠুন চলে যাওয়ায় বাকি রাস্তা প্রার্থী ও স্থানীয় নেতাদের প্রচার সারতে হয়। বিজেপি সূত্রের খবর, এদিন বেলা ১১টায় মিঠুনের আসার কথা থাকলেও তিনি দুপুর দেড়টায় পৌঁছান। মাত্র আধঘণ্টা কাটিয়ে দুপুর ২টোর সময় তিনি রথ থেকে নেমে চলে যান। হতাশ এক বিজেপি কর্মীর আক্ষেপ, মহাগুরু কী বার্তা দেন তারজন্যই আমরা অপেক্ষা করছিলাম। কিন্তু কোনো কথা না বলেই চলে গেলেন। তাহলে আসারই কী প্রয়োজন ছিল?সাধারণ মানুষের হতাশার কথা স্বীকার করে নিয়েছেন প্রার্থী ভদ্র হেমব্রম। তিনি জানান, মিঠুনদা আসতে দেরি করেছেন। প্রবল ভিড়ের কারণে রথ এগতে পারছিল না। দুপুর ২টো পর্যন্ত প্রশাসনের অনুমতি থাকায় বাধ্য হয়েই তাঁকে নেমে যেতে হয়েছে। তাঁকে দেখতে না পেয়ে দাঁতনের বাসিন্দারা হতাশ হয়েছেন তা বুঝতে পেরেছি। 

Advertisement

উল্লেখ্য, রবিবারও মোহনপুরে প্রচারে এসে একইভাবে মাঝপথে চলে গিয়েছিলেন তিনি। সেই ঘটনায় কর্মীরা হাতাহাতিতে জড়িয়েছিলেন। পরপর দু’দিন অভিনেতা তথা বিজেপি নেতার এমন দায়সারা প্রচার ঘিরে এলাকায় অসন্তোষ তৈরি হয়েছে। সাধারণ মানুষের বক্তব্য, তারকাকে সামনে রেখে ভোট বৈতরণী পার করতে চাইছে বিজেপি। তবে যেভাবে মিঠুন চক্রবর্তী মাঝপথে নেমে যাচ্ছেন তাতে হিতে বিপরীত না হয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ