নিজস্ব প্রতিনিধি, আসানসোল: ৫০কিলোমিটার বাইক চালিয়ে মাইথনে আনন্দ করতে এসে নদীতে তলিয়ে গিয়ে তিন কিশোরের মৃত্যু হল। বৃহস্পতিবার সকালে থেকে বরাকর নদীর খাদ থেকে একের পর এক দেহ উদ্ধার হতেই এলাকায় শোকের ছায়া নামে। পুলিস জানিয়েছে, মৃতদের নাম নবাব গাদ্দি (১৫), জায়েদ হোসেন (১৬) ও যুবরাজ সিং (১৬)। বুধবার ঝাড়খণ্ডে ভোট নিয়ে ব্যস্ত ছিল পুলিস। রাস্তাঘাটও ফাঁকা ছিল। ধানবাদের ছ’জন নাবালক জন্মদিনের পার্টি আছে বলে বেরিয়ে পড়ে। তারপর স্কুটি ও বাইক নিয়ে মাইথনে আসে। বাঁধের নীচের দিকে মাইথন থানার অন্তর্গত তৃতীয় টাওয়ারের কাছে পড়ন্ত দুপুরে স্নান করতে নামে তারা। তখনই তিনজন তলিয়ে যায়। বাকি তিন বন্ধু কাউকে কিছু না জানিয়ে ধানবাদে ফিরে যায়। মাইথন থানার ওসি আকৃষ্ট আমন বলেন, নির্বাচনের জন্য পুলিস ব্যস্ত ছিল। সেই সুযোগে ছ’জন নাবালক ধানবাদ থেকে বাইক নিয়ে মাইথনে আসে। ঘটনার পর আমাদের খবর দেওয়া হয়নি। বুধবার রাতে খবর পাওয়ার পরই উদ্ধারকাজ শুরু হয়। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত করা হচ্ছে। মাইথন বাঁধ থেকে কিছুটা উঁচু-নিচু পথ পেরিয়ে বরাকর নদী বরাকর অভিমুখে গিয়েছে। বাঁধের কিছুটা নীচের দিকে রয়েছে তৃতীয় টাওয়ার। এখানে নদী অনেকটা উঁচু থেকে নিচু হয়েছে। সেকারণে ঝর্ণার সৃষ্টি হয়। বিপজ্জনক ওই জায়গাটিতেই ছ’জন নেমেছিল বলে পুলিস সূত্রে জানা গিয়েছে। সেখানেই তিনজন স্নান করতে নেমে জলে তলিয়ে যায় বলে বাকি তিন বন্ধুর দাবি। কিন্তু ঘটনার সময়ে তারা এলাকায় কাউকে এনিয়ে কিছু জানায়নি। বাইকে চেপে ধানবাদ চলে যায়। বাকি তিন বন্ধু না ফিয়ে আসায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। তখনই তিন বন্ধুর জলে ডুবে যাওয়ার কথা স্বীকার করে তারা।



