Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

মিচেল মার্শের ঝোড়ো ৯০, দাপটে চেন্নাই বধ ঋষভদের

এবারের আসর থেকে আগেই বিদায় নিয়েছে লখনউ সুপার জায়ান্টস। শুক্রবার চেন্নাই সুপার কিংসেরও কার্যত বিদায়ঘণ্টা বাজিয়ে দিল তারা।

মিচেল মার্শের ঝোড়ো ৯০, দাপটে চেন্নাই বধ ঋষভদের
  • ১৬ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লখনউ: এবারের আসর থেকে আগেই বিদায় নিয়েছে লখনউ সুপার জায়ান্টস। শুক্রবার চেন্নাই সুপার কিংসেরও কার্যত বিদায়ঘণ্টা বাজিয়ে দিল তারা। একানা স্টেডিয়ামে ঋষভ পন্থের দল ২০  বল বাকি থাকতে ৭ উইকেটে হারায় হলুদ জার্সিধারীদের। টস হেরে ব্যাট করতে নেমে সিএসকে ৫ উইকেটে তোলে ১৮৭। জবাবে ১৬.৪ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছায় এলএসজি (১৮৮-৩)। মিচেল মার্শই (৩৮ বলে ৯০) তফাত গড়ে দেন। ২৩৬.৮৪ স্ট্রাইক রেটে ৯টি চার ও ৭টি ছক্কা হাঁকান তিনি। রান পান ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ জশ ইংলিসও (৩৬)। দু’জনে ওপেনিং জুটিতে ১১.৫ ওভারেই যোগ করেন ১৩৫। এরপর টানা চার ছক্কা মেরে জেতান নিকোলাস পুরান (১৭ বলে অপরাজিত ৩২)।

Advertisement

শুরুটা ভালো হয়নি চেন্নাইয়ের। বাঁ-হাতি পেসার আকাশ সিংয়ের দাপটে ৫২ রানের মধ্যে ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড় (১৩), সঞ্জু স্যামসন (২০) ও উর্ভিল প্যাটেলকে (৬) হারায় অ্যাওয়ে টিম। রাজস্থানের ভরতপুরের ২৪ বছর বয়সির স্পেল চাপে ফেলে দেয় চেন্নাইকে। ২৬ রানে তিন উইকেট নেন আকাশ। প্রতিটা আউটের পরই পকেট থেকে বের করেন চিরকুট। তাতে লেখা বার্তা, ‘কী করে উইকেট নিতে হয় টি-২০ ম্যাচে, তা আমি ভালোই জানি।’ 
তবে সেই ধাক্কা সামলে চেন্নাইকে লড়াইয়ে ফেরান কার্তিক শর্মা। ৪২ বলে ৭১ করেন তিনি। মারেন ৬টি চার ও ৫টি ছক্কা। ডেওয়াল্ড ব্রেভিসের সঙ্গে চতুর্থ উইকেটে ৪৪ বলে ৭০ যোগ করেন কার্তিক। মহম্মদ সামির বাউন্সার ফেরায় ব্রেভিসকে (২৫)। কার্তিক ফেরেন শাহবাজ আহমেদকে মারতে গিয়ে। ১৬ ওভারের শেষে চেন্নাইয়ের স্কোর ছিল ১৪২-৫। সেখান থেকে দলকে ১৮৭ রানে পৌঁছে দেন শিবম দুবে (১৬ বলে অপরাজিত ৩২) ও প্রশান্ত ভির (১০ বলে অপরাজিত ১৩)। ইনিংসের শেষ ওভারে ওঠে ২৩ রান। প্রিন্স যাদবকে দু’টি ছক্কা ও দু’টি চার মারেন শিবম। আকাশ ছাড়া বল হাতে নজর কাড়েন লখনউয়ের মায়াঙ্ক যাদব। চার ওভারে মাত্র ২৬ রান দেন স্পিডস্টার।

Advertisement
সম্পর্কিত সংবাদ