সুব্রত ধর, শিলিগুড়ি: গায়ের রং কালো। পরনে হলুদ ফুলহাতা গেঞ্জির উপর লাল টি-শার্ট ও ছেড়াফাঁটা প্যান্ট। পায়ে চটি। একাধিকার প্রশ্ন করলে উত্তর মেলে একবার। কী বলে বোঝার উপায় নেই। অনেকটা সাঁওতালি ভাষার মতো স্বর। দৃশ্যতই বিধ্বস্ত! তিন দিন আগে এমন ভবঘুরে যুবককে উদ্ধার করে বেকায়দায় পড়ে বহরমপুর থানার পুলিশ। অবশেষে তারা হ্যাম রেডিও’র সহযোগিতায় ওই যুবকের পরিবারের হদিশ পায়। জলপাইগুড়ি জেলায় যুবকের বাড়ি। তাঁর নাম সাহিল ওরাওঁ। বয়স ২১। রবিবার রাতে পুলিশ তাঁকে পরিবারের সদস্যদের হাতে তুলে দিয়েছে। এনিয়ে হ্যাম রেডিও’র প্রশংসায় পঞ্চমুখ পুলিশ-প্রশাসন থেকে জলপাইগুড়িবাসী।
জলপাইগুড়ি জেলার চা বাগান ও জঙ্গল ঘেরা এলাকাগুলির মধ্যে মালবাজার অন্যতম। এখানকার নিদাম চা বাগানে সাহিলদের বাড়ি। দীর্ঘদিন আগে তিনি নিখোঁজ হন। ১৩ ফেব্রুয়ারি মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরের উত্তরপাড়ায় সন্দেহজনকভাবে ঘুরতে দেখেন স্থানীয়রা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের গেঞ্জিতে একটি ডেলিভারি সংস্থার নাম লেখা ছিল। প্রথমে ডেলিভারি বয় ভেবে তাঁকে ধরেন স্থানীয়রা। কার বাড়ি খুঁজছে, সে বিষয়ে প্রশ্ন করেন। কিন্তু কোনও উত্তর মেলেনি। তখন তাঁর গায়ে কয়েকজন উত্তেজিত যুবক হাত দেয় বলে অভিযোগ।
সঙ্গে সঙ্গে বহরমপুর থানার আইসি সুদীপ সিং ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে উদ্ধার করেন। দীর্ঘক্ষণ ধরে চেষ্টা চালিয়ে নাম, ঠিকানা উদ্ধার করতে পারছিলেন না। নিরুপায় হয়ে হ্যাম রেডিও’র ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের সঙ্গে যোগাযোগ করা হয়। সংশ্লিষ্ট রেডিও ক্লাব ২৪ ঘণ্টা ধরে চেষ্টা চালিয়ে যুবকের ঠিকানার হদিশ পায়।
ওয়েস্ট বেঙ্গল হ্যাম রেডিও ক্লাবের সম্পাদক অম্বরিশ নাগ বিশ্বাস বলেন, একাধিক প্রশ্ন করার পর দু’বার দু’রকম নাম জানায় ওই যুবক। প্রথমে সাহিল ও পরে সাহিল টুডু বলেন। কিছু জায়গার নাম বলে। তাঁর গলার স্বর সাঁওতালি ভাষার সঙ্গে মেলে। সেই তথ্য নিয়ে ক্লাবের কোচবিহার, জলপাইগুড়ি, পুরুলিয়া, বাঁকুড়া সহ বিভিন্ন প্রান্তের সদস্যদের সঙ্গে যোগাযোগ করি। এতেই ওই যুবকের ঠিকানা মেলে।
পুলিশ ও রেডিও ক্লাব জানিয়েছে, মালবাজারের নিদাম চা বাগানের বাসিন্দা করমা ওরাওঁ ও বাসনি। সাহিল তাঁদের ছোট ছেলে। মানসিক ভারসাম্যহীন সাহিল অনেকদিন আগে নিখোঁজ হন। রেডিও ক্লাবের উত্তরবঙ্গের সদস্যরা সাহিলের বাড়ি খুঁজে বের করেন। এরপর ভিডিও কলের মাধ্যমে বহরমপুর থানার সঙ্গে যোগাযোগ করেন দাদা সমীর ওরাওঁ। তিনি ভাইকে চিহ্নিত করেন। ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের সম্পাদক বলেন, রবিবার বহরমপুরে সমীরের কাছে সাহিলকে হস্তান্তর করে পুলিশ। • নিজস্ব চিত্র।