Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

তামিলনাড়ু থেকে গলসির নিখোঁজ নাবালিকা উদ্ধার, পাকড়াও যুবক

তামিলনাড়ু থেকে গলসির নিখোঁজ নাবালিকা উদ্ধার, পাকড়াও যুবক
  • ৯ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বর্ধমান: নিখোঁজ হওয়ার প্রায় তিনবছর পর তামিলনাড়ুর কোয়েম্বাটুর থেকে এক নাবালিকাকে উদ্ধার করল গলসি থানার পুলিস। তাকে অপহরণের অভিযোগে কাশীনাথ মাঝি নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের বাড়ি গলসি থানারই মসজিদপুরে। শনিবার সকালে কোয়েম্বাটুরের থুডিয়ালুরে ভাড়াবাড়ি থেকে নাবালিকাকে উদ্ধার ও ওই যুবককে গ্রেপ্তার করা হয়। ধৃত যুবক ও নাবালিকাকে মঙ্গলবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। ম্যাজিস্ট্রেটের কাছে নাবালিকার গোপন জবানবন্দি নথিভুক্ত করায় পুলিস। পুলিস ধৃতকে হেফাজতে নেওয়ার আবেদন জানায়নি। ভারপ্রাপ্ত সিজেএম ইন্দ্রনীল চক্রবর্তী তার জামিনের আবেদন মঞ্জুর করেছেন। পুলিস জানিয়েছে, গলসি থানার মোহরা গ্রামে ওই নাবালিকার বাড়ি। ২০২২ সালের ৫মে সকালে দোকানে যাওয়ার কথা বলে সে বাড়ি থেকে বের হয়। তারপর থেকে তাকে পাওয়া যায়নি। এরপর পরিবারের সদস্যরা এঘটনায় কাশীনাথের জড়িত থাকার কথা জানতে পেরে পুলিসের দ্বারস্থ হন।

Advertisement

বর্ধমানে ডাকাত সন্দেহে ধৃত ৩: বর্ধমান জিআরপি ডাকাত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম শেখ ফিরোজ, শেখ সফিকুল ও শেখ জাহাঙ্গির। তাদের বাড়ি হুগলির পাণ্ডুয়া থানার চম্পাহাটি মাঠপাড়া ও বৈঁচি গ্রামে। তিনজনেরই বিরুদ্ধে বিভিন্ন থানায় কয়েকটি মামলা রয়েছে। জিআরপি জানিয়েছে, মঙ্গলবার ভোরে বর্ধমান স্টেশন লাগোয়া ডিজেল শেডের কাছে নির্জন জায়গায় কয়েকজন জড়ো হয়েছিল। খবর পেয়ে সেখানে গিয়ে জিআরপি ওই তিনজনকে পাকড়াও করে। বাকিরা পালিয়ে যায়। তাদের কাছ থেকে ভোজালি, লোহার রড, নাইলনের দড়ি প্রভৃতি উদ্ধার হয়েছে। জিআরপির অনুমান, ওই দলটি রাতে দূরপাল্লার ট্রেনে ডাকাতির পরিকল্পনা করেছিল। জিআরপি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে ধৃতদের এদিনই বর্ধমান সিজেএম আদালতে পেশ করে। ভারপ্রাপ্ত সিজেএম ধৃতদের বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়ে ২২এপ্রিল ফের আদালতে পেশ করার নির্দেশ দেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ