Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

২৮ বছর নিখোঁজ, মৃত ভেবে শ্রাদ্ধ করে পরিবার, বাড়ি ফিরে ভোটার তালিকা দেখেই ফের উধাও জগবন্ধু!

২৮ বছর পর ফিরিয়া আসিয়া জগবন্ধু প্রমাণ দিলেন তিনি মরেন নাই। যদিও ওঝা-গুণিনরা আগেই হাত গুনে জানিয়ে দিয়েছিল, জগবন্ধুর তো মৃত্যু হয়েছে। তারপর কান্নাকাটি শেষে দু’বছর আগে পরিবার শ্রাদ্ধশান্তি করে

২৮ বছর নিখোঁজ, মৃত ভেবে শ্রাদ্ধ করে পরিবার, বাড়ি ফিরে ভোটার তালিকা দেখেই ফের উধাও জগবন্ধু!
  • ১৮ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: ২৮ বছর পর ফিরিয়া আসিয়া জগবন্ধু প্রমাণ দিলেন তিনি মরেন নাই। যদিও ওঝা-গুণিনরা আগেই হাত গুনে জানিয়ে দিয়েছিল, জগবন্ধুর তো মৃত্যু হয়েছে। তারপর কান্নাকাটি শেষে দু’বছর আগে পরিবার শ্রাদ্ধশান্তি করে। নিয়ম মেনে পারলৌকিক ক্রিয়া সম্পন্ন হয়। পরিচিত মানুষজন এসে সমবেদনা জানিয়ে যান। ২৮ বছর কম দিন নয়। জগবন্ধুর কথা প্রায় ভুলতেই বসেছিল সবাই। অকস্মাৎ তাঁর উদয়। মৃতের মর্ত্যে আবির্ভাবে প্রায় বজ্রাহতের দশা পরিবারের সদস্যদের। জগবন্ধু এসে জানালেন, ‘গুজরাতে গিয়ে হারিয়ে গিয়েছিলাম।’ পাশাপাশি জানা গেল, এসআইআর নিয়ে ফাঁপরে পড়ে উত্তর ২৪ পরগনার বাগদায় নিজের বাড়ি ফিরে এসেছেন জগবন্ধু মণ্ডল। তা যে কাজের জন্য এসেছিলেন তা মোটামুটি হয়েছে। ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর বাবার নাম রয়েছে। যদিও এর মধ্যে লোকমুখে ছড়িয়ে পড়ে, বাঁকুড়ার রায়পুরের দুবালিতে দ্বিতীয় বিবাহ করেছেন জগবন্ধু। এ নিয়ে বাগদার বাড়িতে প্রশ্নের মুখে পড়তে হল তাঁকে। তবুও ঘরের মানুষ ঘরে ফিরেছেন বলে আনন্দেই ছিল মণ্ডল পরিবার। দু’দিন পর হঠাৎ জগবন্ধু মণ্ডল আবার নিখোঁজ। ২৮ বছর পর দু’দিনের জন্য পরিবারের কাছে ফিরে ভোটার তালিকা দেখে আবার হারিয়ে গেলেন জগবন্ধু। তবে এই উপস্থিতি এটুকু অন্তত জানিয়ে দিল, লোকটি বেঁচে আছে।

Advertisement

বাগদা থানার মেহেরানি কুরুলিয়া এলাকার বাসিন্দা জগবন্ধু মণ্ডল। ২৮ বছর আগে কর্মসূত্রে কয়েকজনের সঙ্গে যান গুজরাত। তারপর গ্রামের অনেকে ফিরে আসেন গ্রামে। কিন্তু নিরুদ্দেশ হয়ে যান জগবন্ধু। তাঁর পরিবারে স্ত্রী ও এক ছেলে ও মেয়ে আছেন। হঠাৎ দু’দিন আগে বাগদার বাড়িতে ফেরেন। ২৮ বছর পর নিজের গ্রাম দেখে চিনতে পারেননি। বাড়িও খুঁজে পাননি। এলাকার কয়েকজন তাঁকে বাড়ি নিয়ে যান। তাঁকে দেখে হতবাক পরিবার। বর্তমান এসআইআর নথিভুক্তিকরণের ক্ষেত্রে সমস্যা চলছে বলে সর্বত্র আশঙ্কা। মনে করা হচ্ছে, সেই আশঙ্কা থেকেই নথি জোগাড় করতে বাড়ি ফিরেছেন জগবন্ধু। যদিও তিনি বলেন, ‘গুজরাতে গিয়ে হারিয়ে যাই। একটি কোম্পানিতে কাজ করছিলাম। কাজ বন্ধ হওয়ায় বাড়ি ফিরে এলাম।’ এবং দ্বিতীয় বিয়ের কথা অস্বীকার করেন তিনি। কিন্তু ধোঁয়াশা না কাটায় এ নিয়ে পরিবারে অশান্তি শুরু হয়। তার মধ্যে সোমবার সকালে বাড়ি থেকে ফের নিখোঁজ জগবন্ধু।

Advertisement
সম্পর্কিত সংবাদ