মাইসুরু: দিল্লির বুরারি কাণ্ডের ছায়া কর্ণাটকে। ফ্ল্যাট থেকে মিলল একই পরিবারের চার সদস্যের মৃতদেহ! ঘটনাটি মাইসুরুর বিশ্বেশ্বরাইয়া নগরের। এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিস জানিয়েছে, মৃতরা হলেন চেতন (৪৫), তাঁর স্ত্রী রূপালী (৪৩), মা প্রিয়ম্বদা (৬২) ও ছেলে কুশল (১৫)। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, প্রথমে পরিবারের সদস্যদের বিষ খাইয়ে খুন করেন চেতন। তারপর গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। হঠাৎ কেন এই মারাত্মক পদক্ষেপ? জানার চেষ্টা করছে পুলিস। সিপি সীমা লাটকর বলেন, ‘একটি ফ্ল্যাটে প্রিয়ম্বদা একা থাকতেন। আর একটি ফ্ল্যাটে স্ত্রী, ছেলেকে নিয়ে থাকতেন চেতন। রবিবার প্রথমে পরিবারকে নিয়ে গরুরের একটি মন্দিরে গিয়েছিলেন তিনি। তারপর কুভেম্পু নগরে শ্বশুরবাড়িতে রাতের খাবার খেয়ে বাড়ি ফেরেন। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে।’
Advertisement
পুলিস সূত্রে খবর, একসময় দুবাইতে কর্মরত ছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার চেতন। ২০১৯ সালে মাইসুরু ফিরে আসেন। তারপর থেকে শ্রমিকদের ঠিকাদারির ব্যবসা শুরু করেন। সৌদিতে শ্রমিক পাঠাতেন। রবিবার আমেরিকা নিবাসী ভাই ভরতকে ফোন করেন চেতন। তারপরেই রূপালীর মা-বাবাকে জামাইয়ের খোঁজ নিতে বলেন ভরত। তবে যতক্ষণে চেতনের শ্বশুরবাড়ির লোকজন তাঁদের ফ্ল্যাটে এসে পৌঁছয়, ততক্ষণে সব শেষ। খবর পাওয়ামাত্র ঘটনাস্থলে যায় পুলিসের একাধিক টিম। জারি রয়েছে তদন্ত।



