সংবাদদাতা, উলুবেড়িয়া: সবে ভোরের আলো ফুটেছে। বৃদ্ধা ঘর থেকে বেরিয়ে বাসি উঠোন ঝাঁট দিতে শুরু করেছেন। এমন সময় হঠাৎ দুই আগন্তুকের দেখা। বাইক থামিয়ে তারা সটান এসে দাঁড়ায় বৃদ্ধার সামনে। কিছু বুঝে ওঠার আগেই তাঁর গলায় ছুরি ঠেকিয়ে সোনার হার ও কানের দুল ছিনতাই করে পালায় ওই দুই দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোরে উলুবেড়িয়া পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের যদুরবেড়িয়া কলতলায়। তাদের হ্যাঁচকা টানে বাঁ কানে গুরুতর আঘাত পেয়েছেন ওই বৃদ্ধা। তাঁর কানে পাঁচটি সেলাই পড়েছে। আশপাশে সিসি ক্যামেরা থাকায় গোটা ঘটনার ফুটেজ ইতিমধ্যেই হাতে পেয়েছে পুলিস।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে,আর পাঁচটা দিনের মতো এদিন ভোরে ঘুম থেকে উঠে বাড়ির সামনের উঠোন সাঁট দিচ্ছিলেন বছর সত্তরের বাণী রায়। ঘড়িতে তখন ভোর সাড়ে ৪টে। সেই সময় বাইকে চেপে দুই যুবক সেখানে আসে। বাণীদেবী বলেন, তাদের মধ্যে একজন বাইকেই বসে ছিল। একজন নেমে এসে নিমদিঘি যাওয়ার রাস্তা কোনদিকে জানতে চায়। তাদের রাস্তা দেখিয়ে দেওয়া মাত্র একজন হঠাৎ ছুরি বের করে গলায় ঠেকিয়ে ধরে। এরপর গলা থেকে সোনার হার ও কানের দুল ছিনিয়ে নিয়ে পালায়। দুল কাড়ার জন্য হ্যাঁচকা টান মারলে কান কেটে যায়। ঝরঝর করে রক্ত পড়তে থাকে। তাঁর চিৎকার শুনে পরিবারের লোকজন বেরিয়ে এসে তাঁকে ওই অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁরাই বাণীদেবীকে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে খবর দিলে উলুবেড়িয়া থানার পুলিস ঘটনাস্থলে এসে ঘটনার তদন্তে নামে।
এলাকার বাসিন্দাদের বক্তব্য, ভোরের দিকে রাস্তা ফাঁকা থাকায় দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। তাঁদের অভিযোগ, এলাকাটি ১৬ নম্বর জাতীয় সড়কের পাশে হওয়ায় দুষ্কৃতীরা সহজেই পালাতে সক্ষম হয়েছে। এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার কাজ শুরু করেছে পুলিস।