নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: বর্ধমানের মীরছোবায় ছুরি দেখিয়ে একটি অটো পার্টসের দোকান ও বাড়িতে লুটপাট চালাল তিন দুষ্কৃতী। শুক্রবার রাতে প্রথমে দু’জন দুষ্কৃতী ক্রেতা সেজে ওই দোকানে ঢোকে। কিছুক্ষণ পর তারা ছুরি বের করে দোকানের শাটার নামিয়ে দেয়। দোকান মালিক শুভেন্দু দাঁ’র গলায় ছুরি ঠেকিয়ে ক্যাশবক্স থেকে লক্ষাধিক টাকা লুট করে। কিছুক্ষণ পর আরও এক দুষ্কৃতী শাটার তুলে দোকানে ঢোকে। দুই দুষ্কৃতী দোতলায় চলে যায়। সেখানে শুভেন্দুবাবুর মাকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে সোনার গয়না ও কয়েকহাজার টাকা লুট করে। সেসময় অপর দুষ্কৃতী দোকান মালিককে আটকে রাখে। বেশ কিছুক্ষণ তাণ্ডব চালানোর পর তারা চম্পট দেয়। স্থানীয়রা প্রথমে কোনও কিছু টের পাননি। পরে বর্ধমান থানায় খবর দেওয়া হয়। অতিরিক্ত পুলিস সুপার অর্ক বন্দ্যোপাধ্যায় বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। স্থানীয়রা জানান, জাতীয় সড়কের পাশে ওই এলাকাটি ফাঁকা। সেই সুযোগই দুষ্কৃতীরা কাজে লাগিয়েছে। লুটপাটের পর দোকানের শাটার নামিয়ে চলে যায়। শুভেন্দুবাবু জানান, দুষ্কৃতীদের কাছে ছুরি ছাড়াও আগ্নেয়াস্ত্র ছিল। তিনি পুলিসকে দুষ্কৃতীদের বিবরণ দিয়েছেন। এক পুলিস আধিকারিক বলেন, বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা রয়েছে। সেসব ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পুলিসের প্রাথমিক অনুমান, দুষ্কৃতীরা বাইক নিয়ে এসেছিল। ঘটনার পর জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় নাকা চেকিং করা হয়। কিন্তু কোথাও দুষ্কৃতীদের হদিস পাওয়া যায়নি। তারা অন্য কোনও রাস্তা ব্যবহার করেছে বলে তদন্তকারীরা মনে করছেন। জাতীয় সড়কে সিসি ক্যামেরা রয়েছে।



