সংবাদদাতা, বসিরহাট: দীর্ঘদিন খারাপ হয়ে পড়ে সব জলপ্রকল্প। ফলে এই গরমের সময় এলাকার বাসিন্দারা পড়েছেন তীব্র দুর্ভোগে। এই চিত্র বসিরহাট ২ ব্লকের রাজেন্দ্রপুর পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায়।
সংবাদদাতা, বসিরহাট: দীর্ঘদিন খারাপ হয়ে পড়ে সব জলপ্রকল্প। ফলে এই গরমের সময় এলাকার বাসিন্দারা পড়েছেন তীব্র দুর্ভোগে। এই চিত্র বসিরহাট ২ ব্লকের রাজেন্দ্রপুর পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায়।
রাজেন্দ্রপুর পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় পানীয় জলের সমস্যা দীর্ঘকালের। কোথাও আর্সেনিকযুক্ত জল, আবার কোথাও জলে প্রচুর আয়রন। বাসিন্দারা এই জল খেতে বা ব্যবহার করতে পারেন না। এর মধ্যে চৈত্র-বৈশাখ মাস পড়লে ভূগর্ভস্থ জলস্তর নেমে যায়। ফলে বাড়ির নলকূপেও সহজে জল ওঠে না। এই সমস্যার কথা মাথায় রেখেই সরকার রাজেন্দ্রপুর পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় আর্সেনিকমুক্ত জলপ্রকল্প তৈরি করেছিল। কিন্তু কয়েক মাস যেতে না যেতেই, প্রকল্পগুলি খারাপ হয়ে পড়ে। কোথাও কল ভেঙে পড়ে রয়েছে, আবার কোথাও অধিকাংশ যন্ত্রাংশ খুলে নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। অভিযোগ, খারাপ হয়ে পড়ে থাকা জলপ্রকল্পগুলি মেরামত করতেও পঞ্চায়েতের কোনও উদ্যোগ নেই। তাই আগের মতোই দূরদূরান্ত থেকে চাপাকলের আয়রন বা আর্সেনিক যুক্ত জল তাঁদের খেতে হচ্ছে। এই জলপ্রকল্পগুলি অবিলম্বে ঠিক করে দিক পঞ্চায়েত। এদিকে, পঞ্চায়েত প্রধান সমীর বাছার বলেন, সরকারের যে পরিকল্পনা অনুসারে এই জলপ্রকল্পগুলি তৈরি হয়েছে, তাতে গরমের সময় কোনও কাজ হয় না। কারণ গরমের সময় জলস্তর বহু নীচে নেমে যায়। তবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত এই সমস্যার সমাধান হবে। নিজস্ব চিত্র