Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

রূপচর্চার ভুল ধারণা

রূপচর্চার  ভুল ধারণা
  • ৮ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

• কথায় বলে মানুষ মাত্রেই ভুল হয়। অঙ্কের খাতায় হোক বা জীবনের ময়দানে— কতশত ভুল আমরা করি প্রতিনিয়ত। সে জেনে হোক বা না জেনে। তবে কোনও ভুল যদি মনের মধ্যে ‘ঠিক’ হিসেবে থেকে যায় দিনের পর দিন? তাহলেই মুশকিল। একমাত্র সঠিক অভ্যাসই পারে সেই ভ্রান্ত ধারণাকে মন থেকে মুছে দিতে। রূপচর্চার ক্ষেত্রেও একথা প্রযোজ্য। দৈনন্দিন জীবনে ত্বক, চুলের যত্নে এমন কিছু ভুল আমরা করি, যাতে হীতে বিপরীত হতে পারে। সেই ভ্রান্ত ধারণাগুলি বদলে নিলেই সৌন্দর্যের সংজ্ঞা নতুন করে লিখবেন আপনি। 
ভুল যখন মুখে
• পুজোর সময় একবার ফেসিয়াল করে নিলেই যথেষ্ট। তাহলেই সারা বছর ত্বক থাকবে উজ্জ্বল...। এমন ভ্রান্ত ধারণা অনেকের মধ্যেই রয়েছে। মনে রাখতে হবে, সারাবছর ত্বকের যত্ন না নিলে, ত্বককে ভালো না রাখলে ফেসিয়ালের গুণ ত্বকে বুঝতেই পারবেন না। সারাদিন ধুলোময়লায় ঘুরে রাতে এসে যদি মুখ পরিষ্কার না করা হয়, তাহলে ফেসিয়াল করেও কোনও উপকার হবে না। ত্বককে ময়েশ্চারাইজ করা, ঠিকভাবে পরিষ্কার রাখা, সূর্যরশ্মি থেকে সুরক্ষা দেওয়া এসব নিয়ম মানলে তবেই মিলবে উপকার। ১৫ বছরের উপরে যে কেউ ফেসিয়াল করতে পারেন। তরুণ প্রজন্মের মধ্যে ফেসিয়াল নিয়ে যে উৎসাহ চোখে পড়ে বাড়ির মধ্যবয়স্কাদের মধ্যে তা দেখা যায় না। তাঁরা ভাবেন, কী দরকার এসব করে? এই ধারণারও বদল প্রয়োজন। ঘরোয়া উপকরণ দিয়ে বাড়িতেও ফেসিয়াল করা যায়। মোটামুটি দুই বা তিন সপ্তাহ পরপর করতে পারেন এটি। এতে রক্ত সঞ্চালন হয়, ত্বকে নতুন কোষ জন্মাতে সাহায্য করে। 
• ভুল ধারণা রয়েছে সানস্ক্রিন নিয়েও। অনেকে ভাবেন, সানস্ক্রিন মেখে আধঘণ্টা অপেক্ষা করতে হবে। তারপর বাড়ি থেকে বেরবেন। এমন কোনও নিয়ম নেই সানস্ক্রিনের জন্য। বরং সানস্ক্রিন মেখেই বেরিয়ে পড়তে পারেন। শিশুদের সানস্ক্রিন মাখাতে চান না অনেক অভিভাবক। এই ভ্রান্ত ধারণার বদলও দরকার। কারণ ছোটদের ত্বক নরম, মোলায়েম। ফলে সূর্যের রশ্মি বেশি ক্ষতি করে। ট্যান পড়ার পাশাপাশি শিশুদের ত্বকের স্বাভাবিক ঔজ্জ্বল্য হারিয়ে যায়। এখন দুই, তিন বছরের শিশুরাও বাইরে বেরয়, স্কুলে যায়। ফলে তাদেরও সানস্ক্রিন মাখানো উচিত। শীতকালে সানস্ক্রিন ব্যবহার করেন না অনেকে। ভাবেন, রোদের তাপ তো কম। তবে এই সময়ই সানস্ক্রিন সবচেয়ে বেশি প্রয়োজন। গরমে রোদের তাপ বেশি থাকায় ছাতা, সানগ্লাস ব্যবহার করা হয়। কিন্তু শীতে তা হয় না। ফলে সানস্ক্রিন না লাগালে ত্বকের আরও বেশি ক্ষতি হয়। অনেকেই এই সময় বেশি করে ক্রিম লাগান। মনে রাখবেন, অত্যধিক ক্রিম লাগালে ধুলোবালি বেশি অ্যাবসর্ভড হয়। তার জন্যও ত্বক ক্ষতিগ্রস্ত হয়। পরিবর্তে পর্যাপ্ত সানস্ক্রিন ব্যবহার করুন।

Advertisement


• মুখে লেবু মাখেন? সকলের জন্য কিন্তু এটি উপকারী নয়। লেবুতে প্রচুর সাইট্রিক অ্যাসিড রয়েছে। ট্যান তোলার জন্য লেবু মাখলে কয়েকজন উপকার পান। তবে সকলেই যে উপকার পাবেন, তা কিন্তু নয়। অনেকের ত্বক জ্বালা করে, ত্বকের ক্ষতিও হতে পারে। তাই ত্বকের ধরন না বুঝে লেবু ব্যবহার করবেন না। একই কথা প্রযোজ্য বরফের ক্ষেত্রেও। শুষ্ক ত্বকের ক্ষেত্রে বরফ না ঘষাই ভালো। শীতকালে বরফের পরিবর্তে মধু বা মাখন লাগানো যেতে পারে। সোশ্যাল মিডিয়ায় অনেক সময় দেখা যায়, ব্রণতে মাজন লাগানো হচ্ছে। এটা কিন্তু বিপজ্জনক। ব্রণর জন্য বিশেষজ্ঞের পরামর্শ মেনে সঠিক প্রোডাক্টই ব্যবহার করা উচিত।   
চুল নিয়ে নানা ভুল 
• নিয়মিত শ্যাম্পু করলে চুল নষ্ট হয়ে যাবে। আপনারও কি এই ধারণা রয়েছে? তাহলে সেটি ভুল। চুল পরিষ্কার রাখার জন্য যতবার প্রয়োজন শ্যাম্পু করা যেতে পারে। কারও ক্ষেত্রে সপ্তাহে দুই থেকে তিনবার। আবার যাঁরা বেশি ধুলোবালির মধ্যে কাজ করেন, তাঁদের সপ্তাহে সাতদিনই শ্যাম্পু করা প্রয়োজন। শিশুদের অনেকে শ্যাম্পু করাতে চান না ঠান্ডা লেগে যাওয়ার ভয়ে। মনে রাখবেন, শ্যাম্পু করা বিলাসিতা নয়। এটা প্রয়োজন। ছোটদের ন্যাড়া করে দেন অনেক বাবা-মা। মনে করেন, এতে সন্তানের চুলের গ্রোথ ভালো হবে। এটিও একটি ভুল ধারণা। এতে চুলের গোড়া ক্ষতিগ্রস্ত হয়। 
• রাতে চুল টাইট করে বেঁধে শোওয়ার অভ্যাস আপনার? ভুল করছেন। রাতে হালকা করে চুল বেঁধে শোওয়া দরকার। খোলা রাখলে বালিশে ঘষা লেগে চুল শুষ্ক হয়ে যায়। যাঁদের বড় চুল, তাঁরা অনেক সময় খোঁপা বেঁধে শুয়ে পড়েন রাতে। এর ফলে মাথার সামনের দিকটায় চুল কমে যায়। চুল কেটে ফেলার সঙ্গে চুল পড়ার কোনও সম্পর্ক নেই। 
চোখ নিয়ে ভুল 
• চোখের তলায় কালি পড়লে অনেকেই ভাবেন, দামি ক্রিম মাখলেই হয়তো ঠিক হয়ে যাবে। ভুল ধারণা। বরং পর্যাপ্ত ঘুম, ভালো খাওয়াদাওয়া, শরীর সুস্থ থাকা ও স্ক্রিনটাইম কম রাখাই সেরা উপায়।
মনে রাখবেন
যেখানে যা দেখলেন, সেটাই নিজের উপর প্রয়োগ করবেন না। সকলের ত্বক একরকম নয়। তাই বিশেষজ্ঞের পরামর্শ নিন। নিজের যত্ন নেওয়ার ক্ষেত্রে আরও একটু সজাগ থাকুন।

Advertisement
সম্পর্কিত সংবাদ