সংবাদদাতা, বনগাঁ: বাল্যবিবাহের অভিযোগে নাবালিকার স্বামীকে গ্রেপ্তার করল বাগদা থানার পুলিশ। ধৃতের নাম শুভন দাস (২৬)। সোমবার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। ধৃতের বিরুদ্ধে বাল্যবিবাহ ও পকসো আইনে মামলা রুজু হয়েছে। ধৃতকে মঙ্গলবার বনগাঁ আদালতে তোলা হলে বিচারক জেল হেপাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার বাগদার বাসিন্দা ১৬ বছরের সন্তানসম্ভবা এক নাবালিকা বাগদা হাসপাতালে ভরতি হয়। পুত্র সন্তানের জন্ম দেয় সে। হাসপাতালের পক্ষ থেকে বিষয়টি পুলিশকে জানানো হয়। এরপর বাগদা থানার পুলিশ হাসপাতালে পৌঁছায়। হাসপাতাল কর্তৃপক্ষের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ নাবালিকার স্বামীকে গ্রেপ্তার করেছে। এবিষয়ে বাগদা ব্লক স্বাস্থ্য আধিকারিক শুভ্রজ্যোতি মজুমদার বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে সরকার কড়া অবস্থান নিয়েছে। আমরাও সাধারণ মানুষকে এবিষয়ে সচেতন করছি। সোমবার এক নাবালিকা বাগদা গ্রামীণ হাসপাতালে এক পুত্র সন্তানের জন্ম দেয়। আমরা বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ নাবালিকার স্বামীকে গ্রেপ্তার করেছে।



