Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ইয়ার্ডে ফাঁকা ট্রেনে নাবালিকাকে ধর্ষণ, অভিযুক্ত বাবারই বন্ধু!

ধর্ষণের শিকার হল চোদ্দ বছরের নাবালিকা। অভিযুক্ত বাবারই বন্ধু

ইয়ার্ডে ফাঁকা ট্রেনে নাবালিকাকে ধর্ষণ, অভিযুক্ত বাবারই বন্ধু!
  • ২৮ মে, ২০২৫ ১৫:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ধর্ষণের শিকার হল চোদ্দ বছরের নাবালিকা। অভিযুক্ত বাবারই বন্ধু। সোমবার বিকেলে নিউ জলপাইগুড়ি স্টেশনের ইয়ার্ডে ফাঁকা ট্রেনের একটি বগিতে নিয়ে গিয়ে অপকর্মটি করা হয় বলে অভিযোগ। কিশোরীর পরিবারের তরফে এনজেপি স্টেশনের জিআরপি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিস। 

Advertisement

পুলিস সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের বাড়ি হাতিয়াডাঙায়। মঙ্গলবার এ খবর জানাজানি হতেই গ্রামে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। নির্যাতিতার পরিবারের দাবি, ঘটনার দিন দুপুরে বাড়িতে একাই ছিল মেয়ে। মা পরিচারিকার কাজ করেন। তিনি সারাদিন বাড়ি থাকেন না। সেই সুযোগকেই কাজে লাগিয়ে দুপুরে অভিযুক্ত বাড়িতে ঢুকে নাবালিকাকে বলে তার মায়ের কাছে নিয়ে যাবে তাকে। তবে নাবালিকা প্রথমে রাজি হয়নি। তবে বাবার বন্ধু হিসেবে অভিযুক্ত ব্যক্তির সঙ্গে আগে থেকে চেনাজানা থাকায় পরে তার কথায় যেতে রাজি হয়। 
অভিযোগ, এরপর অভিযুক্ত ব্যক্তি নাবালিকাকে ফুঁসলিয়ে নিয়ে গিয়ে ডিএস কলোনি রেল ইয়ার্ডের একটি ফাঁকা বগিতে গামছা দিয়ে হাত-মুখ বেঁধে আটকে রাখে। তার ওপর শারীরিক নির্যাতন সহ ধর্ষণ করে। সেই অবস্থাতেই অভিযুক্ত নাবালিকাকে সেখানে রেখে রাস্তায় যায় এবং নাবালিকাকে হুমকি দেয় ঘটনার কথা কাউকে জানালে প্রাণে মেরে ফেলবে। পরে অভিযুক্ত দুই মাদকাসক্ত যুবককে নিয়ে আসে এবং নাবালিকাকে তাদের সঙ্গে যাওয়ার নির্দেশ দেয়। এরপর ওই দুই মাদকাসক্ত নাবালিকাকে টোটোতে উঠিয়ে দিয়ে বেপাত্তা হয়ে যায়। কোনওরকমে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে নাবালিকা তার বাড়ির দিকে যেতে থাকে। 
এদিকে, নাবালিকার মা বাড়ি এসে মেয়েকে না পেয়ে খুঁজতে বের হয়। এমন সময় দেখে রাস্তায় দাঁড়িয়ে কান্নাকাটি করছে মেয়ে। এরপর নাবালিকা তার মাকে সমস্ত ঘটনা জানায়। কিশোরীর পরিবারের তরফে এনজেপি জিআরপি থানায় অভিযোগ দায়ের করা হয়। ঘটনার পর বেপাত্তা অভিযুক্ত। তার খোঁজ শুরু করেছে পুলিস। এনজেপি স্টেশন জিআরপির আইসি প্রেমাশিস চট্টরাজ জানিয়েছেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়েছে। অভিযুক্তের খোঁজ চলছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ