নয়াদিল্লি: রাজধানীতে নাবালিকাকে ধর্ষণ করে খুন। উত্তর-পূর্ব দিল্লির নেহরু বিহার এলাকার এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। রাস্তায় নেমে প্রশাসনের বিক্ষোভ প্রদর্শন করেন স্থানীয়রা। পুলিস জানিয়েছে, শনিবার রাতে এক আত্মীয়ের বাড়িতে বরফ দিতে গিয়েছিল ওই নাবালিকা। প্রায় দু’ঘণ্টা পরও সে বাড়ি না ফেরায় খোঁজ শুরু করেন পরিবারের সদস্যরা। সেই সময় পথচলতি একজন জানান, ২০০ মিটার দূরে একটি বহুতলে শিশুটিকে যেতে দেখেছেন। ওই বহুতলে ছুটে যান নাবালিকার বাবা। সেখানে দোতলার একটি ফ্ল্যাটের তালা ভেঙে ভিতরে ঢুকে একটি সুটকেসে মেয়েকে অচেতন অবস্থায় দেখতে পান তিনি।
নাবালিকার শরীরে কোনও পোশাক ছিল না। মেয়েটিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে নেহরু বিহারের দু’নম্বর গলির ওই ফ্ল্যাটে যায় দয়ালপুর থানার পুলিস। ওই নাবালিকার উপর যৌন নির্যাতন চালানো হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। তদন্তকারী আধিকারিক ও ফরেন্সিক বিশেষজ্ঞরা নমুনা সংগ্রহ করেছেন। এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। পকসো আইনের একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করতে পুলিসের একাধিক টিম নামানো হয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তুমুল উত্তেজনা তৈরি হয়। স্থানীয়রা রাস্তা আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন। দোকানপাটও বন্ধ করে দেওয়া হয়। পুলিসি নিষ্ক্রিয়তার অভিযোগও তুলেছেন স্থানীয়রা। পরিস্থিতি সামাল দিতে এলাকায় বিরাট পুলিস বাহিনী মোতায়েন করা হয়েছে। রয়েছে আধা সামরিক বাহিনীও। মৃতার বাবা জানিয়েছেন, ওই আবাসনের মালিক ফ্ল্যাটে ঢুকতেই দিচ্ছিল না। সকলে চাপ দিতেই সে পালিয়ে যায়।
এই ঘটনায় দিল্লির শাসক দল বিজেপিকে নিশানা করেছে বিরোধী আম আদমি পার্টি (আপ)। তাদের অভিযোগ, বিজেপির আমলে দিল্লির আইন-শৃঙ্খলা ভেঙে পড়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের প্রশ্ন, কোথায় মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা? কোথায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ? বিজেপি আমলে নাবালিকাও সুরক্ষিত নয়। দিল্লি মহিলারা সরকারের থেকে জবাব ও বিচার চাইছে।