Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বজ্রপাতে পাণ্ডুয়ায় নাবালকের মৃত্যু, নামখানায় ক্ষতিগ্রস্ত স্কুল

পাণ্ডুয়ার সিমলাগড়ের চাঁপাহাটি মাঠপাড়াতে বজ্রাঘাতে এক নাবালকের মৃত্যু হয়েছে

বজ্রপাতে পাণ্ডুয়ায় নাবালকের মৃত্যু, নামখানায় ক্ষতিগ্রস্ত স্কুল
  • ১৬ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া ও সংবাদদাতা, কাকদ্বীপ: পাণ্ডুয়ার সিমলাগড়ের চাঁপাহাটি মাঠপাড়াতে বজ্রাঘাতে এক নাবালকের মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে বৃষ্টি শুরুর পরে ওই নাবালক স্থানীয় একটি পুকুর পাড়ে গিয়েছিল। তখনই তার উপরে বাজ পড়ে। পুলিস জানিয়েছে, মৃতের নাম বাদশা শেখ (১৬)। এদিকে, রবিবার সকালে নামখানায় বাজ পড়ে স্কুল ভবনের বৈদ্যুতিক আলো ও পাখা ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকী ছাদের কিছু অংশের চাঙড়ও খসে পড়ে। স্কুলভবনের চিলেকোঠার দেওয়ালও ভেঙে গিয়েছে। নামখানা ইউনিয়ন হাই স্কুলের ওই ঘটনায় ৯টি ক্লাস রুমের প্রায় ৪০টি পাখা পুড়ে গিয়েছে। বৈদ্যুতিক আলোর উৎসগুলিও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বাদশা বৃষ্টির মধ্যেই পুকুরপাড়ে গিয়েছিল। সেই সময় বজ্রাঘাতে সে অচৈতন্য হয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাকে পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু ওই কিশোরকে বাঁচানো যায়নি। মৃতের কাকা আরশাদ আলি শেখ বলেন, অনেকদিন পরে বৃষ্টি হয়েছে বলে ও পুকুরপাড়ে গিয়েছিল। কিন্তু বজ্রাঘাত ওর জীবন কেড়ে নিল। এদিন আর কোথাও বাজ পড়েনি। আমাদেরই ভাগ্য খারাপ যে এক তরতাজা প্রাণ চলে গেল। পাণ্ডুয়া থানার পুলিস জানিয়েছে, মৃতদেহ ময়নাতদন্ত করানো হচ্ছে।
এদিকে, নামখানার ওই স্কুলের পাশেই থাকেন রঞ্জনকুমার দাস। তিনি বলেন, সকাল থেকে তীব্র বৃষ্টি হচ্ছিল। হঠাৎই বাজ পড়ে। পরে বুঝতে পারি স্কুলেই বাজ পড়েছে। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রাণেশনারায়ণ মণ্ডল বলেন, দেড় বছর আগেও একবার স্কুলভবনে বাজ পড়ে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল। এবারও অনেকগুলি আলো ও পাখা নষ্ট হয়েছে। স্কুলভবনের সোলার প্যানেলেরও ক্ষতি হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সমস্ত বিষয় জানানো হয়েছে। ক্লাস চলার সময়ে ওই ঘটনা হয়নি, সেটাই রক্ষে।

Advertisement
সম্পর্কিত সংবাদ