Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বহু অযোগ্য উপভোক্তার উজ্জ্বলা যোজনার সংযোগ ‘ব্লক’ মন্ত্রকের

বহু অযোগ্য উপভোক্তার উজ্জ্বলা যোজনার সংযোগ ‘ব্লক’ মন্ত্রকের
  • ৩ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: বহু অযোগ্য উপভোক্তাকে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় গ্যাসের সংযোগ দেওয়া হয়েছিল। তাদের অ্যাকাউন্টে ভর্তুকির টাকাও পাঠানো হয়। কিন্তু সম্প্রতি পেট্রোলিয়াম মন্ত্রক জানতে পারে, যাদের গ্যাসের সংযোগ দেওয়া হয়েছে, তাদের অনেকেই তা পাওয়ার উপযুক্ত নয়। একই পরিবারে একাধিক গ্যাস সংযোগ থাকার প্রমাণ পেয়েছে মন্ত্রক। যেসব পরিবারে গ্যাসের সংযোগ ছিল না তাদেরই উজ্জ্বলা প্রকল্পের সুবিধা দেওয়ার কথা বলা হয়। এখন অযোগ্য উপভোক্তাদের সংযোগ ব্লক করা হয়েছে। পাশাপাশি ডিলারদেরও শোকজ লেটার পাঠানো হয়েছে। কেন ওই উপভোক্তাদের সংযোগ দেওয়া হয়েছিল, তা কাছে জানতে চাওয়া হয়েছে। এমনকী, অনেকের কাছে থেকে ভর্তুকির টাকাও কেটে নেওয়া হয়েছে। তাতে ডিলারদের মধ্যে ক্ষোভ বাড়ছে। তাদের দাবি, উজ্জ্বলা গ্যাসের সংযোগের জন্য তারা নির্দিষ্ট গাইডলাইন মেনে আবেদনপত্র জমা নিয়েছিল। সবকিছু দেখেই সংযোগ দেওয়া হয়। তারপর বেশ কয়েক বছর কেটে গিয়েছে। অনেক উপভোক্তা মারা গিয়েছে। স্বাভাবিক কারণেই তাঁরা কেওয়াসি জমা করেনি।

Advertisement

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, অনেক পরিবারে একাধিক সংযোগ রয়েছে। স্ত্রী নির্দিষ্ট নথি জমা করে উজ্জ্বলা গ্যাসের সংযোগ নিয়েছিল। আবার স্বামীও অন্য একটি সংস্থা থেকে আগেই গ্যাসের সংযোগ নিয়েছে। উজ্জ্বলা যোজনা প্রকল্পে সুবিধা নেওয়ার জন্য স্ত্রী’র নামে সংযোগ নেওয়া হয়। সম্প্রতি পেট্রোলিয়াম মন্ত্রক এই বিষয়গুলি নিয়ে পর্যলোচনা করে। তারপরই ‘ব্লক’ করার সিদ্ধান্ত নেওয়া হয়। 
দুর্গাপুরের এক ডিলার বলেন, এই প্রকল্প চালু হওয়ার পর বেশ কয়েক বছর কেটে গিয়েছে। অনেকেই ভর্তুকির টাকা পেয়ে গিয়েছে। কিন্তু এতদিন পর পেট্রোলিয়াম মন্ত্রক পদক্ষেপ নিয়েছে। একই পরিবারে একাধিক সংযোগ থাকলে উজ্জ্বলা প্রকল্প ব্লক করা হয়েছে। কিন্তু এমনও রয়েছে অনেক স্বামী এবং স্ত্রী আলাদা থাকে। তাদের মধ্যে ডির্ভোস হয়ে গিয়েছে। অথচ তাঁরা কোনও নথি গ্যাস অফিসে জমা করেনি। সেই পরিবারগুলিতেও উজ্জ্বলা যোজনা প্রকল্প ব্লক করা হচ্ছে। এক্ষেত্রে ডিলারদের দোষ কোথায়?
প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে, উজ্জ্বলা প্রকল্পের জন্য মোটা অঙ্কের টাকা বরাদ্দ করা হয়। ভর্তুকির টাকা ঠিক জায়গায় গিয়েছে কি না তা নিয়ে সংশয় রয়েছে। কোনও অনিয়ম এই প্রকল্পে হয়েছে কি না তা নিয়েও মন্ত্রক তদন্ত শুরু করেছে। তবে উপভোক্তাদের অ্যাকাউন্ট ব্লক করা হলেও নতুন করে এখন সংযোগ দেওয়া হচ্ছে না। প্রতিটি ডিলারের কাছে কয়েক হাজার আবেদন জমা রয়েছে। এক আধিকারিক বলেন, গ্যাসের দাম লাগাম ছাড়া হয়ে গিয়েছে। গ্রামীণ এলাকায় অনেক পরিবার উনুন ছেড়ে গ্যাসে রান্না করতে অভ্যস্ত হয়ে যায়। কিন্তু মূল্যবৃদ্ধির ঠেলায় আবার তারা উনুনে হাঁড়ি বসাচ্ছে। তাঁদের অনেকেই কেওয়াইসি জমা করেনি। তবে অনেক ধনী পরিবারও বিশেষ ক্ষমতা কাজে লাগিয়ে এই প্রকল্পের সুবিধা নিয়েছিল। প্রথম দিকে বিষয়টি মন্ত্রকের নজরে না থাকলেও এখন তারা পদক্ষেপ নিচ্ছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ