সংবাদদাতা, রঘুনাথপুর: মন্ত্রী হয়েই ভুয়ো এসসি, এসটি সার্টিফিকেটধারীদের হুঁশিয়ারি দিলেন নদিয়ার চাঁদ বাউরি। ফেক তফসিলি জাতি ও উপজাতি সার্টিফিকেট নিয়ে তদন্ত হবে। গত ১৫ বছরে প্রচুর মানুষ ভুয়ো সার্টিফিকেট বানিয়ে সুযোগ সুবিধা নিয়েছে। ইতিমধ্যে একাধিক ভুয়ো সার্টিফিকেট চিহ্নিত করা সম্ভব হয়েছে। যারা ভুয়ো সার্টিফিকেট বানিয়েছে, তাদের বিরুদ্ধে তদন্ত হবে। তাদের সকলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি রাজ্যজুড়ে বন্ধ থাকা আদিবাসী হস্টেলগুলি দ্রুত খোলার ব্যবস্থা করা হবে। আগামী দিন অনগ্রসর সম্প্রদায় ভুক্ত মানুষরা তাদের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন না। অন্যদিকে রাজ্যজুড়ে সড়ক ব্যবস্থার উন্নতি হবে। পাকা রাস্তা নিয়ে মানুষের অভিযোগ থাকবে না। বুধবার পাড়া বিধানসভার বিধায়ক নদিয়ার চাঁদ বাউরি রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তর ও পূর্তদপ্তরের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর সকলের উদ্দেশ্যে বার্তা দেন। এছাড়া একজন জনপ্রতিনিধি হিসেবে তিনি সবসময় রাজ্যের মানুষের পাশে থাকবেন বলে জানান। ঘরের ছেলে মন্ত্রী হওয়ায় জেলার পাড়া বিধানসভা এলাকায় উচ্ছ্বাসের ঢেউ উঠেছে। মন্ত্রিত্ব ঘোষণা হতেই নদিয়াবাবুকে ঘিরে চলে মিষ্টিমুখ। জানা গিয়েছে, দেশ পরিচালনার ১২ বর্ষপূর্তি উপলক্ষ্যে তথা ভারতবর্ষের সবচেয়ে বেশিদিন ধরে প্রধানমন্ত্রীর আসনে থাকার নজির সৃষ্টি করেছেন নরেন্দ্র মোদি। তাঁর দীর্ঘায়ু কামনায় এদিন নদিয়াবাবু রঘুনাথপুরের মৌতড় কালীমন্দিরে পুজো দেন। পাশাপাশি শুভেচ্ছা বিনিময়ের জন্য একটি সভা করেন। সেখান থেকে সকলকে মিষ্টিমুখ করানো হয়। সেই সভা চলাকালীন নদিয়াবাবুর মন্ত্রিত্ব পাওয়ার খবর আসে। তৎক্ষনাৎ কর্মী, সমর্থকরা উচ্ছ্বাসে ফেটে পড়েন।



