সংবাদদাতা, কালনা: পূর্বস্থলী-১ ব্লকের কুঠিরপাড়ায় কচুরিপানা থেকে হস্তশিল্পের সামগ্রী তৈরির প্রশিক্ষণ শিবির বৃহস্পতিবার শেষ হয়েছে। এদিন শিবির ঘুরে দেখেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী স্বপন দেবনাথ। জেলা খাদি দপ্তরের আধিকারিক মানস গোস্বামী, বিডিও সঞ্জয় সেনাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক সহ অন্যরা তাঁর সঙ্গে ছিলেন। এদিনই ঘোষণা হয়, খালবিল ওয়েলফেয়ার সংস্থা এই শিল্পের প্রয়োজনে ৫০টাকা কেজি দরে শুকনো কচুরিপানা কিনবে। মন্ত্রী পূর্বস্থলী-১ ব্লকের বাঁশদহ, চাঁদের বিলের কচুরিপানাকে কাজে লাগিয়ে হস্তশিল্প সামগ্রী তৈরির বিষয়ে উদ্যোগী হয়েছে। তাঁর উদ্যোগে খাদি দপ্তরের বরাদ্দ ২০ লক্ষ টাকায় কুঠিরপাড়ায় একটি ভবন গড়ে ওঠে। ভবনে আধুনিক যন্ত্রপাতি বসতেই ১৮জন মহিলা ও একজন পুরুষকে নিয়ে হাতেকলমে প্রশিক্ষণ শিবির শুরু হয়। বৃহস্পতিবার প্রশিক্ষণের শেষদিন ছিল। এদিন শিল্পীদের হাতে তৈরি হস্তশিল্পের প্রদর্শনী হয়।স্বপনবাবু বলেন, কচুরিপানা থেকে ঘর সাজানোর ও দৈনন্দিন ব্যবহারের সুন্দর সুন্দর সামগ্রী তৈরি করা যায়। যা পরিবেশবান্ধব। এই শিল্পের কাঁচামাল খুব সহজে গ্রামগঞ্জে পাওয়া যায়। খাদি দপ্তর ভবনটি তৈরি করেছে। আমরা আশাবাদী, এই শিল্পসামগ্রী উৎপাদন ও বিপণনে বহু মানুষের কর্মসংস্থান হবে। হাট-বাজার, মেলায় এই হস্তশিল্পের সামগ্রী বিপণনে উদ্যোগ নেওয়া হবে। এই শিল্পের জন্য শুকনো কচুরিপানা বিক্রি করেও বহু মানুষের আয় হবে। এর জন্য আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ।-নিজস্ব চিত্র



