নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী উলফার প্রশংসা করে বিতর্কে মন্ত্রী, সাফাই হিমন্তর
  • ৩১ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

গুয়াহাটি: নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব অসম (উলফা)-র প্রশংসা করে বিতর্কে জড়ালেন অসমের মন্ত্রী বিশ্বজিৎ দইমারি। গত মঙ্গলবার তিনসুকিয়ার কাকোপাথারের একটি অনুষ্ঠানে তাঁকে বলতে শোনা যায়, ‘উলফার জন্যই গত ৫০ বছরে কেউ অসমের গায়ে হাত দিতে পারেনি।’ তিনি আরও বলেন, উলফার মূল নেতৃত্ব যাঁরা তৈরি করেছিলেন, তাঁদের অধিকাংশই মোরান ও মাতক সম্প্রদায়ের মানুষ। এমনকি উলফার প্রধান পরেশ বড়ুয়াও মাতক সম্প্রদায়ের। গত পাঁচ দশকে মোরান ও মাতক সম্প্রদায়ের অবদান না থাকলে অসমের পরিস্থিতি সম্পূর্ণ আলাদা হতে পারত বলেও মন্তব্য করেন তিনি। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে জোর বিতর্ক দানা বাঁধে। তার জেরে শেষপর্যন্ত সাফাই দিতে ময়দানে নামতে হয়েছে স্বয়ং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে। বৃহস্পতিবার তিনি জানান, নিষিদ্ধ উলফা (ইন্ডিপেন্ডেন্ট)-র প্রধান পরেশ বড়ুয়ার নেতৃত্বাধীন গোষ্ঠীর কথা বলেননি দইমারি। তিনি উল্লেখ করেছিলেন অনুপ চেতিয়ার নেতৃত্বাধীন উলফার সেই অংশের কথা, যারা সরকারের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিয়ে চুক্তি স্বাক্ষর করেছিল। একথা নাকি মন্ত্রী নিজেই তাঁকে জানিয়েছেন। 

Advertisement

তাতে অবশ্য বিতর্ক থামেনি। রাজ্যের মন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছেন অসম প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী মীরা বরঠাকুর গোস্বামী। কেন নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠীর প্রশংসা করা হচ্ছে? সেই প্রশ্ন তোলা হয়েছে চিঠিতে। সরকারের সঙ্গে শান্তি আলোচনা নিয়ে মতপার্থক্যের জেরে উলফা পরবর্তী সময়ে দু’টি গোষ্ঠীতে বিভক্ত হয়ে পড়েছিল। অনুপ চেতিয়ার নেতৃত্বাধীন গোষ্ঠী শান্তি প্রক্রিয়ায় যোগ দিয়ে কেন্দ্র ও অসম সরকারের সঙ্গে ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করে। কিন্তু পরেশ বড়ুয়ার নেতৃত্বাধীন উলফা (ইন্ডিপেন্ডেন্ট) শান্তি আলোচনায় অংশ নেয়নি। সংগঠনটি এখনও সরকারিভাবে নিষিদ্ধ।