সংবাদদাতা, ঘাটাল: শুক্রবার ঘাটাল মহকুমার বিভিন্ন এলাকায় রাজ্য সরকারের ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির শিবির পরিদর্শন করলেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। খুকুড়দহ, গোপমহল সহ ঘাটাল মহকুমার বেশ কয়েকটি শিবিরে গিয়ে তিনি সরাসরি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। সেখারকার বাসিন্দাদের অভাব-অভিযোগ শোনেন। মন্ত্রীর সঙ্গে ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সহ সভাধিপতি অজিত মাইতি, ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস এবং সংশ্লিষ্ট এলাকার বিধায়করা।
ঘাটাল পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পঞ্চানন মণ্ডল বলেন, মন্ত্রী প্রতিটি শিবিরে অত্যন্ত আগ্রহের সঙ্গে মানুষের বক্তব্য শুনেছেন। তিনি নিজে বেশ কয়েকটি পরিবারের কাছে যান এবং তাঁরা কী কী সমস্যার সন্মুখীন হচ্ছেন, তা জানতে চান। মূলত রাস্তাঘাট, পানীয় জল, নিকাশি ব্যবস্থা এবং বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া নিয়ে সাধারণ মানুষ তাঁদের সমস্যার কথা তুলে ধরেন।মন্ত্রী উজ্জ্বলবাবু বলেন, এই কর্মসূচি কোনও লোক দেখানো কাজ নয়। আমরা চাইছি মানুষের কাছে সরাসরি পৌঁছতে। তাঁদের সমস্যার কথা শুনতে এবং দ্রুত তার সমাধান করতে। সরকার সব সময় মানুষের পাশে আছে এবং থাকবে। স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে প্রতিটি সমস্যা গুরুত্ব সহকারে দেখা হয় এবং দ্রুত তার সমাধানও করা হয়। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ শুধু স্লোগান নয়, এটি আমাদের প্রতিজ্ঞা।
মন্ত্রীর পরিদর্শনে খুশি স্থানীয় বাসিন্দারা। তাঁদের মতে, একজন মন্ত্রী সরাসরি তাঁদের কাছে এসে সমস্যার কথা শুনেছেন সেটা ভালো লেগেছে। -নিজস্ব চিত্র