নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: ননীবালা উচ্চ বালিকা বিদ্যালয় এবার ৭৬ তম বর্ষে পদার্পণ করেছে। নারী শিক্ষার প্রসারে কয়েক দশক ধরে এই স্কুল কাজ করে চলেছে। বৃহস্পতিবার স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সুভাষচন্দ্র বসুর আবক্ষ মূর্তি উন্মোচন করা হয়। বনমন্ত্রী বীরবাহা হাঁসদা এই স্কুলের প্রাক্তনী। পড়ুয়াদের আধুনিক শিক্ষার প্রসারে তিনি বিধায়ক তহবিল থেকে ১০টি কম্পিউটার দিয়েছেন। স্কুলের শিক্ষিকা ও পড়ুয়ারা যা নিয়ে উচ্ছ্বসিত।
স্বাধীনতা প্রাপ্তির তিনবছর পর ১৯৫০ সালে স্কুলের পথ চলা শুরু হয়। বিশিষ্ট শিক্ষানুরাগী ফণীভূষণ ও তাঁর স্ত্রী নীলিমা কুণ্ডু স্কুল প্রতিষ্ঠায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। ৭৫ বছর অতিক্রম করে এই শিক্ষা প্রতিষ্ঠান আজও তার লক্ষ্য পূরণে অবিচল। বর্তমানে বিদ্যালয়ে ১১০০ ছাত্রী পড়াশোনা করছে। তফসিলি জাতি উপজাতির ৫০জন ছাত্রী আবাসিক হস্টেলে থেকে পঠনপাঠন করে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় স্কুলের পড়ুয়ারা ভালো ফল করে। পাশাপাশি গান, নাচ, আঁকা, আবৃত্তিতে স্কুলের ছাত্রীরা উৎসাহের সঙ্গে অংশগ্ৰহণ করে। এদিন স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে পড়ুয়ারা যোগ দেয়। ডিআই শক্তিভূষণ গঙ্গোপাধ্যায় এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। স্কুলের দ্বিতলে কম্পিউটার শ্রেণিকক্ষের ফিতে কেটে উদ্বোধন করেন। দুপুরে বিশেষ খাবারের আয়োজন করা হয়। প্রধান শিক্ষিকা অরুন্ধতী সেন বলেন, আমাদের এই স্কুল এবছর ৭৬ বছরে পদার্পণ করেছে। স্কুল স্থাপনায় ও দীর্ঘ যাত্রাপথে যাঁদের অবদান রয়েছে, তাঁদের আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। স্কুলের প্রাক্তনী বনমন্ত্রী বীরবাহ হাঁসদা কম্পিউটার সেট দিয়েছেন। তাঁকে আমরা ধন্যবাদ জানাই। স্কুলের উন্নতিতে তিনি আমাদের সবরকমভাবে পাশে থাকার আশ্বাস দিয়েছেন।-নিজস্ব চিত্র